মীরসরাইয়ে মাছবাহী পিকআপের ধাক্কায় ওলামা দলের সভাপতি ও মসজিদের মুয়াজ্জিন নিহত

 চট্টগ্রামের মীরসরাই উপজেলার চৌধুরীহাট এলাকায় মাছবাহী একটি পিকআপের ধাক্কায় মোটরসাইকেল আরোহী দুই ব্যক্তি নিহত হয়েছেন। নিহতরা হলেন ইছাখালী ইউনিয়ন ওলামা দলের সভাপতি ও দরগাহপাড়া কালা পীরশাহ জামে মসজিদের খতিব মাওলানা জয়নাল আবেদিন এবং একই মসজিদের মুয়াজ্জিন জহির উদ্দিন।

রোববার (২ আগস্ট) দুপুর ১২টার দিকে উপজেলার জোরারগঞ্জ ইউনিয়নের চৌধুরীহাট এলাকার পুরাতন ডিটি সড়কে এ মর্মান্তিক দুর্ঘটনা ঘটে।

পুলিশ জানায়, একটি কাজ শেষে মোটরসাইকেলে করে বাড়ি ফিরছিলেন মাওলানা জয়নাল আবেদিন ও জহির উদ্দিন। পথে চৌধুরীহাট এলাকায় পৌঁছালে বিপরীত দিক থেকে আসা দ্রুতগতির একটি মাছবাহী পিকআপ তাদের মোটরসাইকেলকে সজোরে ধাক্কা দেয়।

দুর্ঘটনায় ঘটনাস্থলেই দুজনের মৃত্যু হয়। পরে স্থানীয়রা তাদের উদ্ধার করে মীরসরাই উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাদের মৃত ঘোষণা করেন।

জোরারগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ আব্দুল হালিম জানান, দুর্ঘটনার খবর পেয়ে পুলিশ হাসপাতালে গিয়ে নিহতদের মরদেহের সুরতহাল প্রতিবেদন প্রস্তুতসহ প্রয়োজনীয় আইনগত প্রক্রিয়া সম্পন্ন করেছে।

এ ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। স্থানীয়দের দাবি, পুরাতন ডিটি সড়কে বেপরোয়া গতিতে চলাচলকারী যানবাহনের কারণে প্রায়ই দুর্ঘটনা ঘটছে। তারা সড়কে গতি নিয়ন্ত্রণ ও কার্যকর নিরাপত্তা ব্যবস্থা জোরদারের দাবি জানান।

তুমি এটাও পছন্দ করতে পারো

মন্তব্যসমূহ বন্ধ করা হয়.