সিডিএর চলমান অভিযানে সমর্থন, স্বাস্থ্যসেবার মানোন্নয়নে সমন্বয়ের আহ্বান: চট্টগ্রাম প্রাইভেট ক্লিনিক মালিক সমিতির জরুরি সভা

চট্টগ্রাম প্রাইভেট ক্লিনিক মালিক সমিতির এক জরুরি সভা শনিবার নগরীর শেভরন প্রাইভেট লিমিটেডে অনুষ্ঠিত হয়েছে। সভায় চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষ (সিডিএ)-এর চলমান অভিযানকে স্বাগত জানিয়ে স্বাস্থ্যসেবার মানোন্নয়ন, নগর উন্নয়ন এবং সরকারি সংস্থাগুলোর সঙ্গে সমন্বয় জোরদারের ওপর গুরুত্বারোপ করা হয়।

সভায় সভাপতিত্ব করেন সমিতির সহ-সভাপতি ডা. কিউ এম অহিদুল আলম এবং সঞ্চালনা করেন সাধারণ সম্পাদক অধ্যাপক আব্দুল মোত্তালেব।

সভায় উপস্থিত ছিলেন সমিতির সহ-সভাপতি ডা. এটিএম রেজাউল করিম (এমডি, পার্কভিউ হাসপাতাল), কোষাধ্যক্ষ ডা. মোহাম্মদ ইউসুফ (এমডি, ন্যাশনাল হাসপাতাল), কসমোপলিটন হাসপাতালের ডিরেক্টর ডা. আহমেদ রহিম, আল-আমিন হাসপাতালের এমডি মোহাম্মদ ইউসুফ চৌধুরী, ম্যাক্স হাসপাতালের মেডিকেল ডিরেক্টর ডা. আবুল কাশেম মাসুদ, সাজিনাজ হাসপাতালের ডিরেক্টর হাসান মাহমুদ চৌধুরী, এপিক হেলথ কেয়ারের মার্কেটিং ডিরেক্টর মোহাম্মদ জসিম উদ্দিন, পপুলার ডায়াগনস্টিক সেন্টারের জেনারেল ম্যানেজার ওয়ালি আশরাফ, ডেপুটি জেনারেল ম্যানেজার বেলাল হোসেন, মেট্রো ডায়াগনস্টিক সেন্টারের অজয় ভট্টাচার্য, সিএসসিআর প্রাইভেট লিমিটেডের অ্যাডমিন ডিরেক্টর আজিজুর রহমান, ল্যাবএইড হাসপাতালের অ্যাডমিন ম্যানেজার শেখ মনির, রয়েল হাসপাতালের মেডিকেল ডিরেক্টর ডা. জাহিদুল আলম, শেভরন প্রাইভেট লিমিটেডের ম্যানেজার পুলক পারিয়াল, চিটাগং শিশু হাসপাতালের রামলাল দেবনাথসহ সমিতির অন্যান্য সদস্যরা।

সভায় বক্তারা বলেন, দেশের প্রায় ৭০ শতাংশ চিকিৎসাসেবা বেসরকারি হাসপাতাল ও ডায়াগনস্টিক সেন্টারের মাধ্যমে প্রদান করা হয়। সীমিত সুযোগ-সুবিধা ও নানা প্রতিকূলতার মধ্যেও এসব প্রতিষ্ঠান, বিশেষ করে গ্রামীণ ও শহরতলির মানুষের দোরগোড়ায় স্বাস্থ্যসেবা পৌঁছে দিতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে আসছে।

বক্তারা সিডিএ চেয়ারম্যানের নেতৃত্বে নগর উন্নয়নে গৃহীত বিভিন্ন উদ্যোগের প্রশংসা করেন এবং তাঁকে ধন্যবাদ জানান। একই সঙ্গে সিডিএসহ সংশ্লিষ্ট সরকারি সংস্থাগুলোর সঙ্গে সমন্বয় ও পারস্পরিক সহযোগিতার মাধ্যমে স্বাস্থ্যসেবার মানোন্নয়ন, নগরীর যানজট নিরসন এবং চট্টগ্রামকে আরও আধুনিক, পরিকল্পিত ও নান্দনিক নগরী হিসেবে গড়ে তুলতে বেসরকারি হাসপাতাল ও ডায়াগনস্টিক খাত সর্বাত্মক সহযোগিতা করবে বলে সভায় মত প্রকাশ করা হয়।

সভায় সর্বসম্মতিক্রমে সিদ্ধান্ত হয়, অতি শিগগিরই সিডিএ চেয়ারম্যানের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করে বেসরকারি হাসপাতাল ও ডায়াগনস্টিক সেন্টারগুলোর বিভিন্ন সমস্যা, সম্ভাবনা ও উন্নয়ন-সংশ্লিষ্ট বিষয় তুলে ধরা হবে এবং সেগুলোর কার্যকর ও টেকসই সমাধানে প্রয়োজনীয় উদ্যোগ গ্রহণের অনুরোধ জানানো হবে।

এছাড়া সভায় সদস্যরা মত প্রকাশ করেন, চলমান অভিযানকে কেন্দ্র করে কোনো মহল যেন জনমনে বিভ্রান্তি সৃষ্টি করতে না পারে বা বেসরকারি স্বাস্থ্যসেবা প্রতিষ্ঠানগুলোর ভাবমূর্তি ক্ষুণ্ন করতে না পারে, সে বিষয়ে সবাইকে সচেতন ও সতর্ক থাকতে হবে।

সভাপতি উপস্থিত সকল সদস্যকে ধন্যবাদ জানিয়ে সভার সমাপ্তি ঘোষণা করেন।

তুমি এটাও পছন্দ করতে পারো

মন্তব্যসমূহ বন্ধ করা হয়.