চট্টগ্রাম বন্দরের চ্যানেলে স্টিয়ারিং বিকল, বয়ায় ধাক্কা খেয়ে ওয়ালের ওপর কন্টেইনার জাহাজ : তবে নৌ চলাচল স্বাভাবিক
চট্টগ্রাম: চট্টগ্রাম বন্দরের চ্যানেলে প্রবেশের সময় স্টিয়ারিং গিয়ার বিকল হয়ে একটি কন্টেইনারবাহী জাহাজ ২ নম্বর লাল বয়ার সঙ্গে ধাক্কা খেয়ে সংলগ্ন ওয়ালের ওপর গ্রাউন্ডেড হয়েছে। তবে এ ঘটনায় কোনো হতাহতের খবর পাওয়া যায়নি এবং চ্যানেলে নৌ চলাচল স্বাভাবিক রয়েছে।
সোমবার (৩ আগস্ট) দুপুর আনুমানিক ২টা ১৫ মিনিটে ২০১৭ সালে নির্মিত কন্টেইনার জাহাজ এমভি সিএনসি ইউরেনাস (IMO: 9760627) চট্টগ্রাম বন্দরের চ্যানেলে প্রবেশের সময় স্টিয়ারিং গিয়ার বিকলতার সম্মুখীন হয়। এর ফলে জাহাজটি ২ নম্বর লাল বয়ার সঙ্গে ধাক্কা খেয়ে সংলগ্ন ওয়ালের ওপর গ্রাউন্ডেড হয়।
বন্দর সূত্রে জানা গেছে, ১৭০ মিটার দৈর্ঘ্যের (LOA) এবং সর্বোচ্চ ৯ দশমিক ৫০ মিটার ড্রাফটের জাহাজটি চীনের শিকৌ (Shikou) বন্দর থেকে ১ হাজার ২৮২ টিইইউএস (TEUs) কন্টেইনার নিয়ে চট্টগ্রাম বন্দরে আসে। জাহাজটির স্থানীয় এজেন্ট এপিএল (বাংলাদেশ)। জাহাজে মাস্টারসহ মোট ২৪ জন ক্রু রয়েছেন।
ঘটনার পরপরই চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষ উদ্ধার অভিযান শুরু করে। বর্তমানে বন্দর কর্তৃপক্ষের টাগবোট কান্ডারী-২, কান্ডারী-৪ ও কান্ডারী-১১, বাংলাদেশ নৌবাহিনীর টাগবোট হালদা, টানেল টাগবোট প্রমত্ত এবং সংশ্লিষ্ট কর্মকর্তারা ঘটনাস্থলে থেকে জাহাজটিকে পুনরায় ভাসানোর লক্ষ্যে নিরবচ্ছিন্ন উদ্ধার তৎপরতা চালিয়ে যাচ্ছেন।
চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষ জানিয়েছে, দুর্ঘটনায় কোনো হতাহতের ঘটনা ঘটেনি। এছাড়া বন্দরের চ্যানেল বর্তমানে নিরাপদ রয়েছে এবং নৌ চলাচল স্বাভাবিকভাবে অব্যাহত আছে।
মন্তব্যসমূহ বন্ধ করা হয়.