ইঞ্জিন বিকল ও ট্রেন লাইনচ্যুত: চট্টগ্রামের সঙ্গে সারা দেশের রেল যোগাযোগ বন্ধ, আটকা ৩ট্রেনের হাজার হাজার যাত্রী
একটি ট্রেনের ইঞ্জিন বিকল এবং আরেকটি ট্রেন লাইনচ্যুত হওয়ার ঘটনায় চট্টগ্রামের সঙ্গে সারা দেশের রেল যোগাযোগ সাময়িকভাবে বন্ধ হয়ে পড়েছে। এতে সুবর্ণ এক্সপ্রেসসহ অন্তত তিনটি ট্রেনের হাজার হাজার যাত্রী চরম দুর্ভোগে পড়েছেন।
রেলওয়ে সূত্রে জানা গেছে, ঢাকাগামী সোনার বাংলা এক্সপ্রেস ট্রেনের ইঞ্জিন বিকল হয়ে কুমিল্লার হাসানপুর-নাঙ্গলকোট সেকশনে প্রায় তিন ঘণ্টা ধরে আটকে রয়েছে। একই সময়ে চট্টগ্রামগামী মেঘনা এক্সপ্রেস ট্রেনটি গুণবতী-হাসানপুর সেকশনে লাইনচ্যুত হয়।
এ ঘটনায় আপ ও ডাউন উভয় লাইনেই ট্রেন চলাচল বন্ধ হয়ে যায়। ফলে চট্টগ্রাম বিভাগের সঙ্গে সারা দেশের রেল যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে পড়ে।
এদিকে ঢাকা থেকে চট্টগ্রামগামী সুবর্ণ এক্সপ্রেস ট্রেনও প্রায় আড়াই ঘণ্টা ধরে হাসানপুর স্টেশনে আটকা পড়ে আছে। যাত্রীরা দীর্ঘ সময় অপেক্ষা করেও গন্তব্যে পৌঁছাতে না পেরে চরম ভোগান্তির শিকার হচ্ছেন।
রেল সূত্রের দাবি, ট্রেন পরিচালনায় সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সিদ্ধান্তগত ত্রুটির কারণেই এই পরিস্থিতির সৃষ্টি হয়েছে। এতে হাজার হাজার যাত্রী দুর্ভোগে পড়েছেন।
এ বিষয়ে জানতে রেলের প্রধান পরিবহন কর্মকর্তা শফিকুর রহমানের সঙ্গে একাধিকবার যোগাযোগের চেষ্টা করা হলেও তিনি ফোন রিসিভ না করায় তার বক্তব্য পাওয়া যায়নি।
ঘটনার জন্য দায়ী ব্যক্তিদের চিহ্নিত করে তদন্তের মাধ্যমে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়েছেন ক্ষতিগ্রস্ত যাত্রী ও সংশ্লিষ্টরা।
রেল কর্তৃপক্ষ উদ্ধার ও মেরামত কাজ চালিয়ে যাচ্ছে বলে জানা গেছে। তবে সর্বশেষ খবর পাওয়া পর্যন্ত চট্টগ্রামের সঙ্গে রেল যোগাযোগ স্বাভাবিক হয়নি।
মন্তব্যসমূহ বন্ধ করা হয়.