চট্টগ্রামের মুরাদপুরে কাভার্ডভ্যানের চাপায় শিক্ষক দম্পতি নিহত
চট্টগ্রাম মহানগরের মুরাদপুর এলাকায় কাভার্ডভ্যানের ধাক্কায় স্কুটি আরোহী এক শিক্ষক দম্পতির মর্মান্তিক মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার (২৫ জুন) বিকেল ৫টার দিকে মুরাদপুরের এন মোহাম্মদ প্লাস্টিকের সামনে এ দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন মো. নাজিম উদ্দিন (৪৮) ও তার স্ত্রী তাসলিমা আক্তার (৪০)। তারা দুজনই শিক্ষার সঙ্গে সম্পৃক্ত ছিলেন। নাজিম উদ্দিন নগরীর বাকলিয়া ডিসি রোডস্থ উইলস স্টার স্কুল অ্যান্ড কলেজের অধ্যক্ষ এবং তার স্ত্রী তাসলিমা আক্তার একই প্রতিষ্ঠানের উপাধ্যক্ষ ছিলেন।
প্রত্যক্ষদর্শীরা জানান, শিক্ষক দম্পতি স্কুটিযোগে নিজ গন্তব্যে যাচ্ছিলেন। পথে একটি দ্রুতগতির কাভার্ডভ্যান তাদের চাপা দিলে তারা গুরুতর আহত হন। স্থানীয় লোকজন দ্রুত তাদের উদ্ধার করে চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক দুজনকেই মৃত ঘোষণা করেন।
নিহত নাজিম উদ্দিন ও তাসলিমা আক্তার রাউজান উপজেলার ডাবুয়া ইউনিয়নের তালুকদার বাড়ির বাসিন্দা বলে জানা গেছে।
এক মুহূর্তের এই দুর্ঘটনায় দুটি প্রাণ ঝরে যাওয়ায় পরিবার, স্বজন, সহকর্মী ও শিক্ষার্থীদের মাঝে গভীর শোকের ছায়া নেমে এসেছে। তাদের অকাল মৃত্যুতে শিক্ষা অঙ্গনেও শোকের আবহ সৃষ্টি হয়েছে।
দুর্ঘটনার পর কাভার্ডভ্যানটি জব্দ এবং চালককে শনাক্তে কাজ করছে আইনশৃঙ্খলা বাহিনী।
মন্তব্যসমূহ বন্ধ করা হয়.