প্রতিবন্ধকতাকে জয় করে স্মার্ট কার উদ্ভাবন, ওয়াকিমুলের গাড়িতে চড়লেন প্রধানমন্ত্রী তারেক রহমান

রাজধানীর তেজগাঁওয়ে প্রধানমন্ত্রীর কার্যালয়ে এক ব্যতিক্রমী ও অনুপ্রেরণাদায়ী মুহূর্তের সাক্ষী হলো দেশ। শারীরিক প্রতিবন্ধকতাকে জয় করে নিজের হাতে বিশেষ স্মার্ট কার তৈরি করা কলেজছাত্র ওয়াকিমুল ইসলামকে উৎসাহ দিতে তার উদ্ভাবিত গাড়িতে চড়লেন প্রধানমন্ত্রী তারেক রহমান।

শনিবার (৯ মে) প্রধানমন্ত্রীর কার্যালয়ে ডেকে পাঠানো হয় তরুণ উদ্ভাবক ওয়াকিমুল ইসলামকে। সেখানে তার তৈরি বিশেষ স্মার্ট কারটি ঘুরে দেখেন প্রধানমন্ত্রী। পরে গাড়িটির চালকের আসনে বসেন ওয়াকিমুল, আর পাশের আসনে বসেন প্রধানমন্ত্রী নিজে। পুরো সময় হাসিমুখে তরুণ উদ্ভাবকের সঙ্গে কথা বলতে দেখা যায় তাকে।

প্রধানমন্ত্রীর কার্যালয় থেকে প্রকাশিত একটি ভিডিওতে দেখা যায়, গাড়িটি তৈরির বিভিন্ন দিক সম্পর্কে ওয়াকিমুলের কাছ থেকে বিস্তারিত জানতে চান প্রধানমন্ত্রী। গাড়িটির প্রযুক্তিগত দিক, উন্নয়নের সম্ভাবনা, বর্তমান সীমাবদ্ধতা এবং ভবিষ্যৎ পরিকল্পনা নিয়েও দীর্ঘ আলোচনা করেন তিনি।

জবাবে ওয়াকিমুল জানান, তার উদ্ভাবিত স্মার্ট কারটির কাজ এখনও পুরোপুরি শেষ হয়নি। এখন পর্যন্ত প্রায় ৫০ শতাংশ কাজ সম্পন্ন হয়েছে বলে জানান তিনি।

এ সময় ওয়াকিমুলের বাবা-ও প্রধানমন্ত্রীর কার্যালয়ে উপস্থিত ছিলেন। দেশের সরকারপ্রধানের কাছ থেকে সরাসরি উৎসাহ ও অনুপ্রেরণা পেয়ে উচ্ছ্বাস প্রকাশ করেন ওয়াকিমুল ও তার পরিবার।

তরুণ উদ্ভাবকের এই সাফল্য ও প্রধানমন্ত্রীর এমন মানবিক উদ্যোগ সামাজিক যোগাযোগমাধ্যমেও ব্যাপক প্রশংসা কুড়িয়েছে।

তুমি এটাও পছন্দ করতে পারো

মন্তব্যসমূহ বন্ধ করা হয়.