চট্টগ্রামের লোহাগাড়ার চুনতিতে মারসা পরিবহনের দুই বাসের মুখোমুখি সংঘর্ষে নিহত ২, আহত বহু
চট্টগ্রামের লোহাগাড়ার চুনতি এলাকায় মারসা পরিবহনের দুটি বাসের মুখোমুখি সংঘর্ষে দুইজন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন অন্তত ২০ থেকে ২৫ জন যাত্রী। আহতদের মধ্যে কয়েকজনের অবস্থা আশঙ্কাজনক বলে জানিয়েছে সংশ্লিষ্টরা।
শনিবার (৯ মে) বেলা সোয়া ১১টার দিকে চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কের চুনতি এলাকায় হোটেল ফোর সিজনের সামনে এ দুর্ঘটনা ঘটে।
নিহতদের একজন রেহেনা বেগম (৬০)। তিনি পটিয়া উপজেলার পাচুরিয়া এলাকার বাসিন্দা। তার স্বামীর নাম বদিউল আলম। অপর নিহত ব্যক্তি একজন পুরুষ যাত্রী। তাকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়ার পর কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন। তিনি ঝিনাইদহ জেলার বাসিন্দা হলেও তাৎক্ষণিকভাবে তার নাম পরিচয় জানা যায়নি।
লোহাগাড়া ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার ফিরোজ খান জানান, ঘটনাস্থল থেকে এক নারীর মরদেহ উদ্ধার করা হয়েছে। এছাড়া আহতদের উদ্ধার করে বিভিন্ন হাসপাতালে পাঠানো হয়েছে। গুরুতর আহত অন্তত ৬ জনকে আশঙ্কাজনক অবস্থায় হাসপাতালে ভর্তি করা হয়েছে।
চুনতি পুলিশ ফাঁড়ির ইনচার্জ আব্বাস আলী বলেন, চট্টগ্রাম থেকে কক্সবাজারগামী দ্রুতগতির একটি বাসের সঙ্গে কক্সবাজার থেকে চট্টগ্রামমুখী আরেকটি বাসের মুখোমুখি সংঘর্ষ হয়। দুর্ঘটনার পর পুলিশ ও ফায়ার সার্ভিস যৌথভাবে উদ্ধার তৎপরতা চালায়।
দুর্ঘটনার পর মহাসড়কে কিছু সময় যান চলাচল ব্যাহত হলেও পরে পরিস্থিতি স্বাভাবিক হয়।
মন্তব্যসমূহ বন্ধ করা হয়.