চট্টগ্রামে ট্রলারে ভয়াবহ অগ্নিকাণ্ড: দগ্ধ প্রকৌশলী তামিমের মৃত্যু, নিহত বেড়ে ৩
চট্টগ্রামের কর্ণফুলী নদীর সদরঘাট এলাকায় নোঙর করা একটি মাছ ধরার ট্রলারে অগ্নিকাণ্ডে দগ্ধ প্রকৌশলী আশিকুজ্জামান তামিম মারা গেছেন। তার মৃত্যুর মধ্য দিয়ে এ দুর্ঘটনায় প্রাণহানির সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে তিনজনে।
শনিবার (৪ জুলাই) দিবাগত রাতে ঢাকার জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে চিকিৎসাধীন অবস্থায় তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।
পারিবারিক সূত্রে জানা গেছে, তামিমের বাড়ি চট্টগ্রামের সন্দ্বীপ উপজেলায়। রোববার (৫ জুলাই) বিকেলে গ্রামের বাড়িতে জানাজা শেষে তাকে পারিবারিক কবরস্থানে দাফন করা হবে।
এর আগে গত ৩০ জুন সন্ধ্যায় উন্নত চিকিৎসার জন্য ঢাকায় নেওয়ার পথে মারা যান ট্রলারের ইঞ্জিন বিভাগের গ্রিজার মো. রুবেল (৩২) ও শাহ আলম (৪০)। তাদের মৃত্যুর পর তামিমের মৃত্যুতে এ ঘটনায় মৃতের সংখ্যা তিনজনে পৌঁছেছে।
এদিকে অগ্নিকাণ্ডে দগ্ধ পাশের ট্রলার এফভি ডিজনি-এর নাবিক নিজাম উদ্দিন, মো. রাসেল ও ছিদ্দিক আহমেদ চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের বার্ন ও প্লাস্টিক সার্জারি ইউনিটে চিকিৎসা শেষে ইতোমধ্যে হাসপাতাল থেকে ছাড়পত্র পেয়েছেন।
উল্লেখ্য, গত মঙ্গলবার (৩০ জুন) দুপুর পৌনে ১টার দিকে কর্ণফুলী নদীর সদরঘাট এলাকায় নোঙর করা ‘এফভি দেশ’ নামের একটি মাছ ধরার ট্রলারের ইঞ্জিন কক্ষে হঠাৎ বিকট শব্দে বিস্ফোরণের পর অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। এতে ট্রলারে থাকা কয়েকজন দগ্ধ হন। জাহাজটির ক্যাপ্টেন জুবায়ের মাহমুদ জানান, ইঞ্জিন কক্ষে বিস্ফোরণের পরপরই আগুন দ্রুত ছড়িয়ে পড়ে এবং এতে হতাহতের ঘটনা ঘটে।
অগ্নিকাণ্ডের সুনির্দিষ্ট কারণ উদ্ঘাটনে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ তদন্ত চালিয়ে যাচ্ছে।
মন্তব্যসমূহ বন্ধ করা হয়.