ওয়ার্ডে ঘুরে নাগরিক সমস্যা চিহ্নিত করে সমাধানের নির্দেশ চসিক প্রশাসকের

৬

চট্টগ্রাম: ওয়ার্ড সচিবদের শুধু কার্যালয়ে বসে দাপ্তরিক কাজ নয়, নিজ নিজ ওয়ার্ডের নাগরিক সমস্যাগুলো সরেজমিনে চিহ্নিত করে সমাধানে উদ্যোগ নেওয়ার নির্দেশ দিয়েছেন চট্টগ্রাম সিটি করপোরেশনের (চসিক) প্রশাসক ডা. শাহাদাত হোসেন।

সোমবার (১৬ নভেম্বর) চসিক কার্যালয়ে ওয়ার্ড সচিবদের প্রশিক্ষণ কর্মসূচিতে তিনি এ নির্দেশনা দেন।

প্রশাসক বলেন, শুধু কক্ষে বসে কম্পিউটারে কাজ করলে চলবে না। রাস্তায় বের হয়ে মানুষের সমস্যাগুলো দেখতে হবে। কোথায় সড়ক ভেঙে গেছে, কোথায় খানাখন্দ তৈরি হয়েছে, কোন সড়ক সংস্কার বা নতুন করে নির্মাণ করা প্রয়োজন, সেসব বিষয়ে খোঁজ রাখতে হবে। ঠিকাদারদের নিম্নমানের কাজ কিংবা অসমাপ্ত কাজের বিষয়েও নজরদারি করে প্রকৌশল বিভাগকে জানাতে হবে।

তিনি বলেন, ওয়ার্ডের কোথাও ময়লা-আবর্জনা জমে আছে কি না, নিয়মিত বর্জ্য অপসারণ হচ্ছে কি না এবং নালা-নর্দমা পরিষ্কার রাখা হচ্ছে কি না, তা তদারকি করতে হবে। পরিচ্ছন্নতাকর্মীদের সঙ্গে সমন্বয় করে স্থানীয়ভাবে সমস্যা সমাধানের উদ্যোগ নিতে হবে। প্রয়োজনে প্রধান পরিচ্ছন্ন কর্মকর্তাকে জানাতে হবে। একইভাবে সড়কবাতি নষ্ট থাকলে কিংবা নতুন বাতি ও বৈদ্যুতিক খুঁটির প্রয়োজন হলে সংশ্লিষ্ট বিভাগকে অবহিত করতে হবে।

মশকনিধন কার্যক্রমের বিষয়ে প্রশাসক বলেন, প্রতিটি ওয়ার্ডে সকালে লার্ভিসাইড ও বিকেলে অ্যাডাল্টিসাইড প্রয়োগ নিয়মিত হচ্ছে কি না, তা তদারকি করতে হবে। কোনো এলাকায় মশার উপদ্রব বেশি হলে কিংবা ওষুধ ছিটানোর কার্যক্রমে ঘাটতি থাকলে দ্রুত ব্যবস্থা নিতে হবে। ডেঙ্গুসহ মশাবাহিত রোগ প্রতিরোধে কোনো ধরনের অবহেলা করা যাবে না।

নির্বাচিত কাউন্সিলরদের অনুপস্থিতিতে ওয়ার্ড পর্যায়ে নাগরিকসেবা অব্যাহত রাখতে দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তাদের দায়িত্ব দেওয়া হয়েছে উল্লেখ করে তিনি বলেন, এসব কর্মকর্তা যাতে কাউন্সিলরদের মতোই নাগরিকদের প্রয়োজনীয় সেবা নিশ্চিত করতে পারেন, সে জন্য ওয়ার্ড সচিবদের সর্বাত্মক সহযোগিতা করতে হবে।

জন্মনিবন্ধন, মৃত্যুনিবন্ধন, ওয়ারিশান সনদ ও নাগরিকত্ব সনদসহ বিভিন্ন নাগরিক সেবা পেতে মানুষের ভোগান্তির অভিযোগের বিষয়ে প্রশাসক বলেন, বিশেষ করে জন্ম ও মৃত্যুনিবন্ধনের মতো নিয়মিত সেবা পেতে নাগরিকদের হয়রানি কোনোভাবেই গ্রহণযোগ্য নয়। ওয়ারিশান সনদের ক্ষেত্রে প্রয়োজনীয় যাচাই-বাছাইয়ে কিছুটা সময় লাগতে পারে। তবে কোনো সেবা প্রদানে অযৌক্তিক বিলম্ব করা যাবে না। নাগরিকদের সঙ্গে ভালো ব্যবহার করে দ্রুততম সময়ে সেবা নিশ্চিত করতে হবে।

দায়িত্ব পালনে অবহেলার বিষয়ে কঠোর হুঁশিয়ারি দিয়ে ডা. শাহাদাত হোসেন বলেন, কোনো ওয়ার্ড সচিবের বিরুদ্ধে নাগরিক হয়রানি বা দায়িত্বে অবহেলার অভিযোগ তিনি শুনতে চান না। সুনির্দিষ্ট অভিযোগ পাওয়া গেলে তদন্ত করে সত্যতা অনুযায়ী সংশ্লিষ্টদের বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া হবে। জনগণের সেবক হিসেবে নাগরিকদের হয়রানি না করে সহযোগিতা করতে হবে।

প্রশিক্ষণ কর্মসূচিতে ওয়ার্ড সচিবদের দায়িত্ব পালনের বিভিন্ন দিক নিয়ে আলোচনা করেন চসিকের ভারপ্রাপ্ত প্রধান নির্বাহী কর্মকর্তা ও সচিব আশরাফুল আমিন, উপসচিব মইনুল হোসেন চৌধুরী এবং প্রশাসকের একান্ত সচিব (অতিরিক্ত দায়িত্ব) আজিজ আহমদ।

তুমি এটাও পছন্দ করতে পারো

মন্তব্যসমূহ বন্ধ করা হয়.