রাউজানে ব্যবসায়ীকে ছুরিকাঘাত, অস্ত্রসহ গ্রেপ্তার অভিযুক্ত
চট্টগ্রাম: রাউজানে ফেসবুক পোস্ট ও জমি নিয়ে বিরোধের জেরে ব্যবসায়ী মো. সাইফুদ্দিন মুরাদকে ছুরিকাঘাতে গুরুতর জখম করার ঘটনায় অভিযুক্ত সাব্বির হাসানকে গ্রেপ্তার করেছে পুলিশ। এ সময় তাঁর কাছ থেকে আগ্নেয়াস্ত্র, গুলি ও বিপুল পরিমাণ দেশীয় অস্ত্র উদ্ধার করা হয়েছে।
সোমবার (১৬ নভেম্বর) বিকেলে বিষয়টি নিশ্চিত করেন চট্টগ্রাম জেলা পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার (ট্রাফিক) মো. রাসেল। গ্রেপ্তার সাব্বির হাসান রাউজান উপজেলার নোয়াপাড়া ইউনিয়নের পটিয়াপাড়া এলাকার বাসিন্দা।
পুলিশ জানায়, গত ১৪ নভেম্বর সন্ধ্যা সোয়া সাতটার দিকে নোয়াপাড়া আমিন মার্কেটের মা স্টোরের ভেতরে ব্যবসায়ী মুরাদকে উপর্যুপরি ছুরিকাঘাত করেন সাব্বির। পরে গুরুতর আহত অবস্থায় তাঁকে উদ্ধার করে চিকিৎসার ব্যবস্থা করা হয়।
জমি নিয়ে বিরোধের পাশাপাশি সামাজিক যোগাযোগমাধ্যমে ফেসবুকে পোস্ট দেওয়াকে কেন্দ্র করে এ ঘটনার সূত্রপাত। মুরাদের চাচার কাছ থেকে চার শতক জমি কিনে সেখানে ঘর নির্মাণ করতে গেলে সাব্বিরের সঙ্গে তাঁর পরিবারের বিরোধ তৈরি হয়।
এ ছাড়া সাব্বিরের পুরোনো কিছু রাজনৈতিক ছবি ব্যবহার করে মুরাদের ভাই মানিক ফেসবুকে তাঁকে ‘ফ্যাসিস্ট’ আখ্যা দিয়ে প্রচারণা চালাচ্ছিলেন। এ নিয়ে ঘটনার দিন সাব্বির ও মানিকের মধ্যে কথা-কাটাকাটি ও হাতাহাতি হয়। একপর্যায়ে মানিক সেখান থেকে পালিয়ে গেলে তাঁর ভাই মুরাদের ওপর হামলা চালান সাব্বির।
অতিরিক্ত পুলিশ সুপার মো. রাসেল জানান, রোববার (১৫ নভেম্বর) দুপুরে রাউজানের পূর্ব গুজরা ইউনিয়নের মন্ডলের ঘাটা এলাকা থেকে সাব্বিরকে গ্রেপ্তার করা হয়। এ সময় তাঁর কাছ থেকে একটি এলজি, একটি দেশীয় রিভলবার ও দুটি কার্তুজ উদ্ধার করা হয়।
পরে সাব্বিরের দেওয়া তথ্যের ভিত্তিতে পটিয়াপাড়ায় তাঁর বসতবাড়ির রান্নাঘরের সানশেড থেকে আরও একটি এলজি, পাঁচটি কার্তুজ, দুটি চাপাতি, চারটি বড় ছোরা, দুটি ছোট ছোরা ও দুটি টিপ চাকু উদ্ধার করা হয়। উদ্ধার করা অস্ত্রের মধ্যে একটি টিপ চাকু দিয়ে মুরাদকে আঘাত করা হয়েছিল বলে জিজ্ঞাসাবাদে জানিয়েছেন সাব্বির।
এ ঘটনায় অস্ত্র আইনে রাউজান থানায় একটি মামলা হয়েছে। পুলিশ জানায়, গ্রেপ্তার সাব্বিরের বিরুদ্ধে চাঁদাবাজি, অগ্নিসংযোগ, মাদক ও বিস্ফোরকসহ বিভিন্ন অপরাধে ছয়টি মামলা রয়েছে। তাঁকে আদালতে পাঠানো হয়েছে।
মন্তব্যসমূহ বন্ধ করা হয়.