পাওনা টাকা নিয়ে বিরোধ, পতেঙ্গায় বাবাকে পিটিয়ে হত্যার অভিযোগে ছেলে গ্রেপ্তার
চট্টগ্রাম: নগরের পতেঙ্গায় ব্যবসার পাওনা টাকা নিয়ে বিরোধের জেরে রহিম উল্লাহ (৬৩) নামে এক ব্যক্তিকে পিটিয়ে হত্যার অভিযোগ উঠেছে তাঁর ছেলে মো. রামিনের (২১) বিরুদ্ধে। ঘটনার পর থেকে পলাতক থাকা রামিনকে কক্সবাজার থেকে গ্রেপ্তার করেছে স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন (এসআরবি)।
রোববার (১৫ নভেম্বর) দুপুরে কক্সবাজার সদর থানার বাংলাবাজার এলাকায় অভিযান চালিয়ে তাঁকে গ্রেপ্তার করা হয়।
এসআরবি জানায়, নিহত রহিম উল্লাহর বাড়ি কক্সবাজারের চকরিয়া উপজেলার মাইজপাড়া গ্রামে। তিনি পরিবার নিয়ে দীর্ঘদিন ধরে চট্টগ্রামের পতেঙ্গা থানার বিজয়নগর এলাকায় বসবাস করতেন। বিজয়নগর ১৪ নম্বর ঘাট এলাকার আক্কাসের মার্কেটের সামনে ভ্যানগাড়িতে কাপড়চোপড়সহ বিভিন্ন পণ্য বিক্রি করতেন তিনি।
রহিম উল্লাহর কাছ থেকে মালামাল নিয়ে বিভিন্ন স্থানে বিক্রি করতেন তাঁর ছেলে রামিন। তবে বিক্রির টাকা বাবাকে ঠিকমতো না দিয়ে অপ্রয়োজনে খরচ করতেন তিনি। এ নিয়ে বাবা-ছেলের মধ্যে বিরোধ চলছিল।
গত ১০ নভেম্বর রাত ৮টার দিকে ব্যবসার টাকা নিয়ে তাঁদের মধ্যে কথা-কাটাকাটি হয়। একপর্যায়ে রামিন তাঁর বাবাকে মারধর করেন। স্থানীয় লোকজন বিষয়টি মীমাংসা করে দিলে রামিন বাবাকে প্রাণনাশের হুমকি দিয়ে চলে যান।
এর প্রায় তিন ঘণ্টা পর রাত ১১টার দিকে বিজয়নগর ১৪ নম্বর ঘাট এলাকায় আক্কাসের মার্কেটের সামনে আবারও বাবা-ছেলের মধ্যে বাগ্বিতণ্ডা হয়। এ সময় রামিন তাঁর বাবার মাথা, ঘাড়সহ শরীরের বিভিন্ন স্থানে কিল-ঘুষি মারেন বলে অভিযোগ রয়েছে। এতে গুরুতর আহত হয়ে রহিম উল্লাহ মাটিতে লুটিয়ে পড়েন।
পরে পরিবারের সদস্যরা তাঁকে উদ্ধার করে চট্টগ্রাম মেডিক্যাল কলেজ হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।
এ ঘটনায় নিহতের স্ত্রী বাদী হয়ে গত ১১ নভেম্বর পতেঙ্গা মডেল থানায় হত্যা মামলা করেন। মামলায় রামিনকে প্রধান আসামি করা হয়েছে।
এসআরবি-৭-এর সহকারী পরিচালক (গণমাধ্যম) মোসলেহ উদ্দিন আহমেদ জানান, ঘটনার পর থেকে রামিনকে গ্রেপ্তারে গোয়েন্দা নজরদারি ও ছায়া তদন্ত শুরু হয়। এর ধারাবাহিকতায় গোপন সংবাদের ভিত্তিতে রোববার দুপুরে কক্সবাজারের বাংলাবাজার এলাকায় অভিযান চালিয়ে তাঁকে গ্রেপ্তার করা হয়।
পরে আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য রামিনকে কক্সবাজার সদর মডেল থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে।
মন্তব্যসমূহ বন্ধ করা হয়.