সৌদি আরবে সড়ক দুর্ঘটনায় নারী ও শিশুসহ ৭ বাংলাদেশি নিহত-সবার বাড়ি কক্সবাজার

৪

সৌদি আরবের মদিনা থেকে জেদ্দায় ফেরার পথে ভয়াবহ সড়ক দুর্ঘটনায় নারী ও শিশুসহ সাত বাংলাদেশি নিহত হয়েছেন। নিহতদের সবার বাড়ি কক্সবাজারের চকরিয়া উপজেলায়। তারা সবাই সৌদি আরবের আল আবীর কোল্ড স্টোরস ট্রেডিং কোম্পানির সঙ্গে সংশ্লিষ্ট ছিলেন।

কোম্পানির মার্কেটিং ম্যানেজার নুরুজ্জামানের দেওয়া তথ্য অনুযায়ী, স্থানীয় সময় শুক্রবার (৬ নভেম্বর) দিবাগত রাত ২টার দিকে মদিনা থেকে জেদ্দায় ফেরার পথে এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন—কোম্পানির স্টোরকিপার জিয়াউর রহমান, তাঁর দুই ছেলে ও এক মেয়ে, ফর্কলিফট চালক ইলিয়াসের স্ত্রী এবং মক্কায় কর্মরত স্টোরকিপার আলমশাহ ও তাঁর এক মাস বয়সী কন্যাশিশু।

জানা গেছে, দুর্ঘটনায় নিহত সাতজনই কক্সবাজারের চকরিয়া উপজেলার বাসিন্দা। একই কোম্পানির সঙ্গে সংশ্লিষ্ট হওয়ায় তাদের মৃত্যুতে প্রবাসী বাংলাদেশিদের মধ্যে শোকের ছায়া নেমে এসেছে।

দুর্ঘটনার পর নিহতদের মরদেহ মদিনার একটি সরকারি হাসপাতালের মর্গে রাখা হয়েছে। তবে কীভাবে দুর্ঘটনাটি ঘটেছে, সে বিষয়ে বিস্তারিত তথ্য পাওয়া যায়নি। একই সঙ্গে নিহতদের মরদেহ কবে নাগাদ দেশে পাঠানো হবে, তা-ও এখনো নিশ্চিত হওয়া যায়নি।

তুমি এটাও পছন্দ করতে পারো

মন্তব্যসমূহ বন্ধ করা হয়.