সীতাকুণ্ডে দাঁড়িয়ে থাকা কাভার্ড ভ্যানে ট্রাকের ধাক্কা, চালক-সহকারী নিহত-
সীতাকুণ্ড (চট্টগ্রাম) প্রতিনিধি:
চট্টগ্রামের সীতাকুণ্ডে মহাসড়কের পাশে দাঁড়িয়ে থাকা একটি কাভার্ড ভ্যানের পেছনে ট্রাকের ধাক্কায় চালক ও তাঁর সহকারী নিহত হয়েছেন। শনিবার (৭ নভেম্বর) সকালে উপজেলার পন্থিছিলা বড়ুয়া পাড়া এলাকায় ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন, রংপুর জেলার মাহিগঞ্জ থানার নাছনিয়া গ্রামের মো. মোহসিনের ছেলে ট্রাকচালক মো. ছালেহ আহম্মদ সেলিম (৪৬) এবং তাঁর সহকারী মো. সোহরাব (৩৫)।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, রংপুর থেকে মালবোঝাই ঢাকা মেট্রো-ট-১২-৫৮৬৮ নম্বরের ট্রাকটি চট্টগ্রামের দিকে যাচ্ছিল। পথে পন্থিছিলা বড়ুয়া পাড়া এলাকায় পৌঁছালে একই লেনে দাঁড়িয়ে থাকা ঢাকা মেট্রো-উ-১২-৪০১৮ নম্বরের একটি কাভার্ড ভ্যানের পেছনে সজোরে ধাক্কা দেয় ট্রাকটি। এতে ট্রাকের সামনের অংশ দুমড়েমুচড়ে যায়। চালক ও তাঁর সহকারী কেবিনের ভেতরে আটকা পড়েন।
খবর পেয়ে কুমিরা হাইওয়ে পুলিশ ফাঁড়ি ও সীতাকুণ্ড ফায়ার সার্ভিসের সদস্যরা দ্রুত ঘটনাস্থলে পৌঁছান। পরে স্থানীয়দের সহায়তায় ট্রাকের কেবিন থেকে দুজনকে উদ্ধার করে সীতাকুণ্ড উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাঁদের মৃত ঘোষণা করেন।
কুমিরা হাইওয়ে পুলিশ ফাঁড়ির উপপরিদর্শক (এসআই) মো. আবদুল মতিন জানান, দুর্ঘটনায় নিহত দুজনের সুরতহাল প্রতিবেদন তৈরি করে মরদেহ থানা হেফাজতে নেওয়া হয়েছে। দুর্ঘটনাকবলিত ট্রাক ও কাভার্ড ভ্যানও জব্দ করা হয়েছে।
মন্তব্যসমূহ বন্ধ করা হয়.