পটিয়ায় পটিয়া সমিতি ঢাকার ফ্রি চিকিৎসা ক্যাম্প, বিশেষজ্ঞ সেবা পেলেন হাজারো মানুষ

১২টির বেশি বিভাগে চিকিৎসা পরামর্শ, বিনামূল্যে ওষুধ বিতরণ; সকাল থেকে রোগীদের উপচেপড়া ভিড়

৪

পটিয়া  প্রতিনিধি :

অর্থাভাবে অনেকেরই বিশেষজ্ঞ চিকিৎসকের শরণাপন্ন হওয়া সম্ভব হয় না। আবার গ্রাম থেকে চট্টগ্রাম শহরে গিয়ে চিকিৎসক দেখানো, পরীক্ষা-নিরীক্ষা ও ওষুধ কেনার ব্যয় বহন করাও অনেক পরিবারের জন্য কঠিন। এমন পরিস্থিতিতে পটিয়ার মানুষের দোরগোড়ায় বিশেষজ্ঞ চিকিৎসাসেবা পৌঁছে দিয়েছে পটিয়া সমিতি ঢাকা। দিনব্যাপী এ আয়োজনে ১২টির বেশি বিভাগে বিশেষজ্ঞ চিকিৎসকের পরামর্শ, বিনামূল্যে ওষুধ ও প্রয়োজনীয় ব্যবস্থাপত্র পেয়েছেন হাজারো মানুষ।

শনিবার (৭ নভেম্বর) সকাল ৯টা থেকে চট্টগ্রামের পটিয়ার হুলাইন ছালেহ্-নুর ডিগ্রি কলেজ প্রাঙ্গণে এ বিশেষ চিকিৎসাসেবা ক্যাম্পের আয়োজন করা হয়। ‘মানুষের সেবায় মানুষের পাশে’ এবং ‘সুস্থ মানুষ, সমৃদ্ধ পটিয়া’ স্লোগানে আয়োজিত এ ক্যাম্পে সকাল থেকেই রোগীদের দীর্ঘ সারি দেখা যায়। বেলা বাড়ার সঙ্গে সঙ্গে বাড়তে থাকে সেবাপ্রত্যাশীদের ভিড়।

ক্যাম্পে মেডিসিন, হৃদরোগ, ডায়াবেটিস, লিভার ও পরিপাকতন্ত্র, শিশুরোগ, চর্মরোগ, সার্জারি, স্ত্রীরোগ ও প্রসূতি, অর্থোপেডিকস, ইউরোলজি, নাক-কান-গলা এবং চক্ষুসহ ১২টির বেশি বিভাগে বিশেষজ্ঞ চিকিৎসকেরা সেবা দেন। নারী, শিশু, বয়োবৃদ্ধ ও দীর্ঘদিন ধরে নানা রোগে ভোগা মানুষের উপস্থিতি ছিল উল্লেখযোগ্য।

দূরদূরান্ত থেকে আসা রোগীদের অনেকের কাছে এ আয়োজন ছিল দীর্ঘদিনের চিকিৎসাবঞ্চনা কাটানোর সুযোগ। বিশেষজ্ঞ চিকিৎসকের পরামর্শের পাশাপাশি বিনামূল্যে ওষুধ পেয়ে সন্তোষ প্রকাশ করেন তাঁরা।

দীর্ঘদিন ধরে বাত-ব্যথায় ভুগছেন পটিয়ার বয়োবৃদ্ধ সোলাইমান। ক্যাম্পে বিশেষজ্ঞ চিকিৎসকের পরামর্শ নিতে পেরে আবেগাপ্লুত হয়ে তিনি বলেন, ‘চট্টগ্রাম শহরে গিয়ে বড় বড় ডাক্তার দেখানো, সিরিয়াল নেওয়া ও চিকিৎসকের ফি দেওয়া আমাদের মতো গরিব মানুষের পক্ষে সম্ভব নয়। পটিয়া সমিতি আমাদের এলাকায় এত বড় ডাক্তার এনে বিনামূল্যে চিকিৎসা ও ওষুধ দিচ্ছে। আল্লাহ তাঁদের ভালো করুন। ঘরের কাছে এমন সেবা পাব, কখনো ভাবিনি।’

প্রসূতি ও স্ত্রীরোগ বিভাগে চিকিৎসা নিতে আসা নাসরিন আক্তার বলেন, ‘মহিলা চিকিৎসকের কাছে নিজের সমস্যার কথা খুলে বলতে পেরেছি। মনমতো পরামর্শও পেয়েছি। অনেক সময় লজ্জা, যাতায়াত খরচ ও নানা অসুবিধার কারণে চিকিৎসকের কাছে যাওয়া হয় না। আজকের ক্যাম্পে এসে অনেক উপকার হয়েছে।’

আয়োজকেরা জানান, পটিয়ার সাধারণ মানুষের স্বাস্থ্যঝুঁকি কমানো এবং বিশেষ করে গ্রামীণ ও সুবিধাবঞ্চিত জনগোষ্ঠীর কাছে বিশেষজ্ঞ চিকিৎসাসেবা সহজলভ্য করাই এ উদ্যোগের মূল লক্ষ্য। অর্থ ও যাতায়াতের সীমাবদ্ধতার কারণে যাঁরা নিয়মিত বিশেষজ্ঞ চিকিৎসকের পরামর্শ নিতে পারেন না, তাঁদের কথা বিবেচনায় রেখেই দেশের বিভিন্ন ক্ষেত্রের অভিজ্ঞ চিকিৎসকদের এক জায়গায় নিয়ে আসা হয়েছে।

পটিয়া সমিতি ঢাকার আয়োজকদের পক্ষ থেকে বলা হয়, মানুষের সেবায় মানুষের পাশে থাকার ব্রত নিয়েই তাঁদের পথচলা। পটিয়ার সাধারণ মানুষের স্বাস্থ্যসেবা নিশ্চিত করতে দেশের খ্যাতনামা চিকিৎসকদের এক ছাদের নিচে নিয়ে আসার চেষ্টা করা হয়েছে। সকাল থেকে মানুষের স্বতঃস্ফূর্ত উপস্থিতি ও সাড়া এ উদ্যোগকে সফল করেছে। ভবিষ্যতেও পটিয়ার মানুষের কল্যাণে এ ধরনের জনকল্যাণমূলক ও স্বাস্থ্যসেবামূলক কার্যক্রম অব্যাহত রাখার পরিকল্পনা রয়েছে।

সকাল থেকে শুরু হওয়া এ চিকিৎসাসেবা কার্যক্রম চলে বিকেল পর্যন্ত। দিন শেষে চিকিৎসা নিয়ে বাড়ি ফেরেন অসংখ্য মানুষ। স্থানীয় সুধীসমাজ ও সাধারণ মানুষের মতে, এ ধরনের উদ্যোগ শুধু বিনামূল্যে চিকিৎসাসেবা দেওয়ার মধ্যেই সীমাবদ্ধ নয়; বরং গ্রামের মানুষের মধ্যে স্বাস্থ্যসচেতনতা বাড়ানো এবং আর্থিক অসচ্ছলতার কারণে চিকিৎসাসেবা থেকে পিছিয়ে পড়া জনগোষ্ঠীর পাশে দাঁড়ানোরও কার্যকর প্রয়াস।

চিকিৎসাসেবা ক্যাম্পের উদ্বোধনী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সমিতির সভাপতি আলহাজ আলী নাওয়াজ। সাধারণ সম্পাদক মো. নুরুল ইসলামের সঞ্চালনায় অনুষ্ঠানে বক্তব্য দেন শেভরনের চেয়ারম্যান ডা. ফরিদুল আলম, ন্যাশনাল হাসপাতালের ব্যবস্থাপনা পরিচালক ডা. জালাল উদ্দীন আহমেদ, পার্কভিউ হাসপাতালের ব্যবস্থাপনা পরিচালক ডা. এটিএম রেজাউল করিম, সমাজ হিতৈষী শিহাব উদ্দিন আল মঞ্জুর, চট্টগ্রাম হার্ট ফাউন্ডেশনের অন্যতম উদ্যোক্তা ও হৃদরোগ বিশেষজ্ঞ ডা. নাসির উদ্দিন, দক্ষিণ জেলা বিএনপির সদস্য চেয়ারম্যান শফিকুল ইসলাম, পটিয়া ডক্টরস সোসাইটির সভাপতি ডা. সৈয়দ সাইফুল ইসলাম, পটিয়া কেয়ার হাসপাতালের ব্যবস্থাপনা পরিচালক ডা. এমদাদুল হাসান এবং সমিতির কর্মকর্তা অ্যাডভোকেট নুরুল হুদা আনসারী, হারুনুর রশীদ ও মো. হাসানসহ অনেকে।

Do you like this personality?

তুমি এটাও পছন্দ করতে পারো

মন্তব্যসমূহ বন্ধ করা হয়.