ছিনতাইকারী ধরতে গিয়ে বাসের ধাক্কা, চট্টগ্রামে পুলিশ সদস্য আল আমিনের মৃত্যু-

৪

চট্টগ্রাম নগরীর ওয়াসার মোড় এলাকায় ছিনতাইকারী ধরতে গিয়ে বাসের ধাক্কায় গুরুতর আহত পুলিশ সদস্য আল আমিন সরদার (২৫) মারা গেছেন। সোমবার (৫ অক্টোবর) ভোর ৩টা ৪০ মিনিটে চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

নিহত আল আমিন সরদার চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের (সিএমপি) পাবলিক অর্ডার ম্যানেজমেন্ট (পিওএম) শাখার কনস্টেবল ছিলেন। তিনি কোতোয়ালি থানায় সংযুক্ত হয়ে দায়িত্ব পালন করছিলেন। ২০২২ সালে বাংলাদেশ পুলিশে যোগ দেন তিনি। তার গ্রামের বাড়ি মাদারীপুর জেলার সদর উপজেলার উত্তর দুধখালী এলাকায়। তার বাবার নাম আবদুল হক সরদার।

পুলিশ জানায়, রোববার সকালে আল আমিনসহ কয়েকজন পুলিশ সদস্য নগরীর ওয়াসার মোড়ে একটি চেকপোস্টে দায়িত্ব পালন করছিলেন। এ সময় সন্দেহজনক গতিবিধি দেখে তিন যুবককে থামার সংকেত দেন তারা। তাদের মধ্যে একজন পালানোর চেষ্টা করলে চেকপোস্টের ইনচার্জ এএসআই হিরণ মিয়া তাকে ধাওয়া করেন।

এদিকে কনস্টেবল আল আমিন মোটরসাইকেলে করে পশ্চিম ফটকের দিকে যাচ্ছিলেন। এ সময় লিডার্স স্কুল অ্যান্ড কলেজের একটি বাস দ্রুতগতিতে এসে পেছন থেকে তার মোটরসাইকেলে ধাক্কা দেয়। এতে আল আমিন সড়কে ছিটকে পড়ে গুরুতর আহত হন এবং মোটরসাইকেলসহ বেশ কিছুদূর বাসের সঙ্গে ছেঁচড়ে যান।

পরে চেকপোস্টে দায়িত্বে থাকা পুলিশের অন্য সদস্যরা স্থানীয়দের সহায়তায় বাসটি জব্দ করেন এবং চালককে আটক করেন। গুরুতর আহত আল আমিনকে উদ্ধার করে চমেক হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় সোমবার ভোরে তার মৃত্যু হয়।

সিএমপির সিনিয়র সহকারী কমিশনার (জনসংযোগ) আমিনুর রশিদ কনস্টেবল আল আমিনের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, এ ঘটনায় বাসের চালক মোশাররফ ও সহকারী (স্টাফ) জয় দাসকে গ্রেফতার করা হয়েছে। তাদের বিরুদ্ধে কোতোয়ালি থানায় সড়ক পরিবহণ আইনে মামলা করা হয়েছে।

তুমি এটাও পছন্দ করতে পারো

মন্তব্যসমূহ বন্ধ করা হয়.