চান্দগাঁওয়ে অস্ত্রসহ শীর্ষ সন্ত্রাসী বুইশ্যার ৭ সহযোগী গ্রেপ্তার
চট্টগ্রাম: নগরের চান্দগাঁওয়ে অভিযান চালিয়ে শীর্ষ সন্ত্রাসী ও মাদক ব্যবসায়ী শহিদুল ইসলাম বুইশ্যার অন্যতম সহযোগী হিসেবে পরিচিত সাতজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। এ সময় তাদের কাছ থেকে একটি রামদা, একটি বিশেষ কায়দায় তৈরি কুড়াল, একটি চাইনিজ কুড়াল ও একটি ছুরি উদ্ধার করা হয়েছে।
মঙ্গলবার (১১ আগস্ট) ভোর ৫টা ২৫ মিনিটে চান্দগাঁও থানাধীন পশ্চিম ফরিদার পাড়া বালুরমাট সাংবাদিক কলোনির পেছনের একটি ফাঁকা জায়গা থেকে তাদের গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তার ব্যক্তিরা হলেন—মো. ইব্রাহিম ইদ্রিছ প্রকাশ ইদ্রিস (৩০), মো. আজম উদ্দিন (২১), মো. সাজ্জাদ হোসেন (২৬), মো. রাকিব (২২), মো. হারুন (৩১), মো. মোমিন হোসেন ওরফে বাচ্ছু (৩৫) ও মো. রাসেল (২৮)।
চান্দগাঁও থানার ভারপ্রাপ্ত কর্মকর্তার নেতৃত্বে এসআই হৃদয় মাহমুদ লিটন, এসআই জাফর আহম্মদ, এএসআই মো. মিজানুর রহমান, এএসআই অসিত নাথ, এএসআই শাহ আলমসহ সঙ্গীয় পুলিশ সদস্যরা এ অভিযান পরিচালনা করেন।
পুলিশ জানায়, গ্রেপ্তারের সময় তাদের কাছ থেকে কাঠের হাতলযুক্ত ২৭ ইঞ্চি লম্বা একটি লোহার রামদা, বিশেষ কায়দায় তৈরি স্টিলের পাইপ ও লোহার ফলা দিয়ে তৈরি একটি কুড়াল, স্টিলের হাতলযুক্ত একটি চাইনিজ কুড়াল এবং কাঠের হাতলযুক্ত ১৬ ইঞ্চি লম্বা একটি ছুরি উদ্ধার করা হয়।
পুলিশের তথ্য অনুযায়ী, গ্রেপ্তার ১ নম্বর আসামি মো. ইব্রাহিম প্রকাশ ইদ্রিসের বিরুদ্ধে চান্দগাঁও ও পাঁচলাইশ থানায় অস্ত্র, মাদক, ছিনতাই, ডাকাতির প্রস্তুতি এবং অন্যান্য অভিযোগে একাধিক মামলা রয়েছে। তার বিরুদ্ধে ২০১৮ থেকে ২০২৫ সাল পর্যন্ত বিভিন্ন সময়ে দায়ের করা একাধিক মামলার তথ্য পাওয়া গেছে।
এ ছাড়া গ্রেপ্তার মো. রাকিবের বিরুদ্ধেও পাঁচলাইশ মডেল থানা ও চান্দগাঁও থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে দুটি মামলা রয়েছে।
এ ঘটনায় গ্রেপ্তার সাতজনের বিরুদ্ধে চান্দগাঁও থানায় ১১ আগস্ট ২০২৬ তারিখে দণ্ডবিধির ৩৯৯/৪০২ ধারায় মামলা করা হয়েছে। পরে তাদের আদালতে পাঠানো হয়েছে।
মন্তব্যসমূহ বন্ধ করা হয়.