সীতাকুণ্ডে অবৈধভাবে সরকারি চাল মজুত, ৫৭৮ টন চাল জব্দ; গ্রেপ্তার ১
চট্টগ্রামের সীতাকুণ্ডে লাইসেন্স ছাড়াই অবৈধভাবে সরকারি চাল মজুত ও ভিন্ন মোড়কে বাজারজাত করার অভিযোগে ৫৭৮ দশমিক ৬০ মেট্রিক টন চাল জব্দ করেছে র্যাব। এ ঘটনায় এক ব্যক্তিকে গ্রেপ্তার করা হয়েছে।
মঙ্গলবার (১৩ মে) উপজেলার কদমরসুলপুর এলাকায় সকাল সাড়ে ১১টা থেকে বিকেল সাড়ে ৪টা পর্যন্ত অভিযান পরিচালনা করে র্যাব-৭ ও খাদ্য অধিদপ্তরের সমন্বয়ে গঠিত একটি টিম।
অভিযানে গ্রেপ্তার হওয়া ব্যক্তি আব্দুল আজিজ (২৮)। তিনি জোরারগঞ্জ থানার বামুন সুন্দর দারোগাহাট এলাকার মৃত কামাল উদ্দিনের ছেলে।
র্যাব-৭ এর সহকারী পরিচালক (মিডিয়া) সহকারী পুলিশ সুপার এআরএম মোজাফ্ফর হোসেন জানান, গোপন সংবাদের ভিত্তিতে তারা জানতে পারেন, এলাকার কয়েকজন অসাধু ব্যবসায়ী লাইসেন্স ছাড়াই বিপুল পরিমাণ সরকারি চাল অবৈধভাবে মজুত করে ভিন্ন মোড়কে বাজারজাত করছে।
পরে অভিযান চালিয়ে একটি প্রতিষ্ঠান থেকে ৫৭৮ দশমিক ৬০ মেট্রিক টন চাল জব্দ করা হয়। এ সময় ১৯৭৪ সালের বিশেষ ক্ষমতা আইনের ২৫ ধারায় আব্দুল আজিজকে গ্রেপ্তার করা হয়।
এ ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।
মন্তব্যসমূহ বন্ধ করা হয়.