ইঞ্জিনিয়ার মোশাররফ হোসেনের জানাজা আজ গুলশানে, কাল চট্টগ্রাম ও মিরসরাইয়ে

বাংলাদেশ আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য, মুক্তিযুদ্ধের সংগঠক, সাবেক মন্ত্রী ও বর্ষীয়ান রাজনীতিক ইঞ্জিনিয়ার মোশাররফ হোসেন আর নেই। বুধবার (১৩ মে) সকাল ১০টা ১৫ মিনিটে রাজধানীর স্কয়ার হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি ইন্তেকাল করেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৮৩ বছর।

পারিবারিক সূত্রে জানা গেছে, মরহুমের প্রথম জানাজা আজ বুধবার বাদ আসর ঢাকার আজাদ মসজিদ প্রাঙ্গণে অনুষ্ঠিত হবে।

দ্বিতীয় জানাজা বৃহস্পতিবার (১৪ মে) সকাল ১১টায় চট্টগ্রামের জমিয়াতুল ফালাহ মসজিদ প্রাঙ্গণে অনুষ্ঠিত হবে। একই দিন বিকেল ৫টায় মিরসরাইয়ের মহাজনহাট স্কুল মাঠে তৃতীয় জানাজা অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে।

১৯৪৩ সালের ১২ জানুয়ারি চট্টগ্রামের মিরসরাইয়ে জন্মগ্রহণ করেন ইঞ্জিনিয়ার মোশাররফ হোসেন। ১৯৬৬ সালে লাহোর ইউনিভার্সিটি অব ইঞ্জিনিয়ারিং অ্যান্ড টেকনোলজি থেকে প্রকৌশল বিদ্যায় স্নাতক সম্পন্ন করার পর তিনি রাজনীতিতে সক্রিয় হন।

১৯৭০ সালে তৎকালীন পূর্ব পাকিস্তান প্রাদেশিক পরিষদের সদস্য নির্বাচিত হন তিনি। মহান মুক্তিযুদ্ধে তাঁর সাহসী ভূমিকা রাজনৈতিক অঙ্গনে বিশেষভাবে স্মরণীয় হয়ে আছে।

চট্টগ্রাম-১ (মিরসরাই) আসন থেকে তিনি একাধিকবার সংসদ সদস্য নির্বাচিত হন। আওয়ামী লীগ সরকারের বিভিন্ন মেয়াদে বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রী এবং গৃহায়ণ ও গণপূর্ত মন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করেন। পাশাপাশি বাংলাদেশ আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য হিসেবেও গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন এই বর্ষীয়ান নেতা।

তুমি এটাও পছন্দ করতে পারো

মন্তব্যসমূহ বন্ধ করা হয়.