রাউজানে দুর্বৃত্তের গুলিতে বিএনপি কর্মী নাসির নিহত
চট্টগ্রামের রাউজান উপজেলার কদলপুর ইউনিয়নে দুর্বৃত্তের গুলিতে মো. নাসির (৫০) নামের এক বিএনপি কর্মী নিহত হয়েছেন।
রোববার (২৬ এপ্রিল) রাত ৯টার দিকে উপজেলার ঈশান ভট্টের হাট এলাকায় এ ঘটনা ঘটে।
নিহত নাসির ওই এলাকার দুদু মিয়ার ছেলে।
নিহতের মেয়ে লাভলী আক্তার জানান, গত বছরের ৩১ জানুয়ারি তার বাবাকে মারধর করা হয়েছিল। এরপর থেকে তিনি চট্টগ্রাম শহরে অবস্থান করছিলেন। তবে গত দুই মাস ধরে তিনি মাঝে মাঝে বাড়িতে যেতেন এবং চাচার বাড়িতে খাওয়া-দাওয়া করতেন। পরিবারের অন্য সদস্যরা শহরেই থাকেন।
তিনি অভিযোগ করে বলেন, জানে আলম ও জাফর মোহাম্মদসহ কয়েকজন তার বাবাকে গুলি করে হত্যা করেছে। তারা দীর্ঘদিন ধরে নাসিরকে হত্যার হুমকি দিয়ে আসছিল। নাসির দীর্ঘদিন ধরে বিএনপির রাজনীতির সঙ্গে জড়িত ছিলেন এবং ইউনিয়ন বিএনপির একজন কর্মী হিসেবে সংসদ সদস্য গিয়াসউদ্দিন কাদের চৌধুরীর অনুসারী ছিলেন। তিনি হত্যাকারীদের দ্রুত গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান।
চট্টগ্রাম মেডিক্যাল কলেজ হাসপাতাল পুলিশ বক্সের ইনচার্জ এসআই নুরুল আলম আশিক জানান, রোববার রাতে ঈশান ভট্টের হাট এলাকায় অজ্ঞাত দুর্বৃত্তরা নাসিরকে গুলি করে। গুলির শব্দ শুনে স্থানীয়রা তাকে উদ্ধার করে রাত সাড়ে ১১টার দিকে চট্টগ্রাম মেডিক্যাল কলেজ হাসপাতালে নিয়ে যান। পরে কর্তব্যরত চিকিৎসক তাকে ২ নম্বর ওয়ার্ডে পাঠান এবং চিকিৎসাধীন অবস্থায় মৃত ঘোষণা করেন।
ঘটনায় জড়িতদের গ্রেপ্তারে পুলিশ অভিযান চালাচ্ছে বলে জানা গেছে।
মন্তব্যসমূহ বন্ধ করা হয়.