চান্দগাঁওয়ে চুরি হওয়া ২৩ লাখ ৭৩ হাজার টাকা উদ্ধার, চোরচক্রের মূলহোতা গ্রেফতার

চট্টগ্রাম নগরের চান্দগাঁও থানা পুলিশের অভিযানে চুরি হওয়া বিপুল পরিমাণ নগদ টাকা উদ্ধার এবং চোরচক্রের মূলহোতাকে গ্রেফতার করা হয়েছে।

পুলিশ জানায়, ভুক্তভোগী মো. কামরুল ইসলাম (২৫) গত ২৬ এপ্রিল চান্দগাঁও থানায় একটি লিখিত এজাহার দায়ের করেন। এজাহারে তিনি উল্লেখ করেন, ২৫ এপ্রিল সন্ধ্যা ৬টা থেকে রাত ৯টার মধ্যে অজ্ঞাতনামা চোরেরা চান্দগাঁও থানাধীন সিএন্ডবি মোড় এলাকায় অবস্থিত ক্লিউইস্টন সিএনজি স্টেশনের অফিস কক্ষের পেছনের জানালার গ্রিল কেটে ভেতরে প্রবেশ করে। পরে স্টিলের আলমিরার লকার ভেঙে নগদ ২৬ লাখ ২৯ হাজার ৩৫২ টাকা চুরি করে নিয়ে যায়।

এ ঘটনায় চান্দগাঁও থানায় মামলা নং-২৭, তারিখ ২৬/০৪/২০২৬, ধারা ৪৫৭/৩৮০ পেনাল কোডে একটি মামলা রুজু করা হয়।

মামলার পরিপ্রেক্ষিতে চান্দগাঁও থানার অফিসার ইনচার্জ মো. নূর হোসেন মামুনের নেতৃত্বে একটি বিশেষ টিম গঠন করা হয়। টিমে এসআই মোহাম্মদ আমির হোসেন, এসআই হৃদয় মাহমুদ লিটন এবং এএসআই মো. মিজানুর রহমানসহ অন্যান্য সদস্যরা অংশ নেন। তারা নগরীর বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে তথ্য সংগ্রহ করেন।

পরবর্তীতে গোপন সংবাদের ভিত্তিতে চান্দগাঁও থানাধীন মৌলভীবাজার এলাকায় অভিযান চালিয়ে চোরচক্রের মূলহোতা মো. ইউনুছ রনি (৩৭)-কে গ্রেফতার করা হয়। তিনি চান্দগাঁও এলাকার মৌলভী পুকুর পাড় এলাকার বাসিন্দা।

প্রাথমিক জিজ্ঞাসাবাদে ইউনুছ রনি চুরির ঘটনার সাথে নিজের সম্পৃক্ততার কথা স্বীকার করেন। তার দেওয়া তথ্য অনুযায়ী পরে চান্দগাঁও থানাধীন দক্ষিণ মোহরা এলাকার একটি ঝোপঝাড় থেকে দুইটি প্লাস্টিকের বস্তার ভেতরে রাখা নগদ ২৩ লাখ ৭৩ হাজার ৫১০ টাকা উদ্ধার করা হয়।

পুলিশ জানিয়েছে, চোরচক্রের অন্যান্য সদস্যদের গ্রেফতারে অভিযান অব্যাহত রয়েছে।

তুমি এটাও পছন্দ করতে পারো

মন্তব্যসমূহ বন্ধ করা হয়.