বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) আয়োজনে ইয়াং টাইগার্স অনূর্ধ্ব-১৮ জাতীয় ক্রিকেট প্রতিযোগিতা ২০২৬-২৭-এর বিভাগীয় পর্যায়ের বি-গ্রুপে দাপুটে জয় পেয়েছে চট্টগ্রাম জেলা দল। নিজেদের দ্বিতীয় ম্যাচে লক্ষ্মীপুর জেলা দলকে ২৮৩ রানের বিশাল ব্যবধানে হারিয়েছে তারা। চট্টগ্রামের জয়ে ব্যাট হাতে দুর্দান্ত শতক হাঁকিয়েছেন নিলাচল বড়ুয়া।
শুক্রবার (২৭ নভেম্বর) নোয়াখালীর শহীদ ভুলু স্টেডিয়ামে অনুষ্ঠিত ম্যাচে টসে জিতে প্রথমে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নেয় চট্টগ্রাম। নির্ধারিত ৫০ ওভারে ৭ উইকেট হারিয়ে ৩৫২ রানের বিশাল সংগ্রহ গড়ে দলটি।
চট্টগ্রামের হয়ে দুর্দান্ত ব্যাটিং করেন নিলাচল বড়ুয়া। তিনি ৯৬ বলে ১৩৬ রানের ঝলমলে ইনিংস খেলেন। এছাড়া ওয়াসিম মুরাদ ৯৪ বলে ৮৩ এবং জোনায়েত তামিম মাত্র ৩৬ বলে ৫০ রান করেন। লক্ষ্মীপুরের হয়ে রাব্বি হোসেন ৫৮ রান দিয়ে ৪টি উইকেট শিকার করেন।
জবাবে ৩৫৩ রানের লক্ষ্য তাড়া করতে নেমে চট্টগ্রামের বোলারদের নিয়ন্ত্রিত বোলিংয়ের মুখে মাত্র ৬৯ রানেই গুটিয়ে যায় লক্ষ্মীপুর জেলা দল। ৩৩ ওভার পর্যন্ত স্থায়ী হয় তাদের ইনিংস। দলের পক্ষে নাজমুল রহমান সর্বোচ্চ ২৬ রান করেন।
চট্টগ্রামের হয়ে বল হাতে মিনহাজ উল হক ১৬ রান দিয়ে ৩টি উইকেট নেন। এছাড়া আবদুল্লাহ আবির ৭ রান এবং আদিল চৌধুরী ১১ রান দিয়ে ২টি করে উইকেট শিকার করেন।
ব্যাট ও বল হাতে অসাধারণ নৈপুণ্য দেখিয়ে ম্যাচসেরার পুরস্কার জেতেন চট্টগ্রামের নিলাচল বড়ুয়া।
এই জয়ের মধ্য দিয়ে বি-গ্রুপে নিজেদের অবস্থান আরও শক্তিশালী করল চট্টগ্রাম জেলা দল। আগামী ৩০ নভেম্বর গ্রুপ পর্বের শেষ ম্যাচে কক্সবাজার জেলা দলের মুখোমুখি হবে তারা।