চট্টগ্রাম বন্দরের আরেক আলোচিত চিটাগাং কনটেইনার টার্মিনাল (সিসিটি) পরিচালনার দায়িত্ব বুঝে নিয়েছে বিএনপির সংসদ সদস্য শাহাদাত হোসেন সেলিমের প্রতিষ্ঠান এভারেস্ট পোর্ট সার্ভিসেস লিমিটেড। এর মধ্য দিয়ে চট্টগ্রাম বন্দরে এনসিটির পর সিসিটি ও হাতছাড়া হয়ে গেলো দীর্ঘ একযুগের বেশি সময়ের কন্টেইনার টার্মিনাল অপারেটরের দায়িত্বে থাকা সাইফ পাওয়ার টেকের ।
সোমবার (২৩ নভেম্বর) দিনগত রাত ১২টায় ৬ মাসের জন্য সিসিটি পরিচালনার দায়িত্বভার বুঝে নিলেন, বিএনপির সংসদ সদস্য শাহাদাত হোসেন সেলিমের প্রতিষ্ঠান এভারেস্ট পোর্ট সার্ভিসেস । তাঁর প্রতিষ্ঠানটি বর্তমানে চট্টগ্রাম বন্দরের জেনারেল কার্গো বার্থের (জিসিবি) একটি জেটি পরিচালনার দায়িত্বে রয়েছে।
চট্টগ্রাম বন্দরে বিএনপির সংসদ সদস্য শাহাদাত হোসেন সেলিমের প্রতিষ্ঠান এভারেস্ট পোর্ট সার্ভিসেস লিমিটেড কে সিসিটি পরিচালনার দায়িত্ব দিতে নজিরবিহীন দ্রুতসময়ে দরপত্র আহ্বান ও জমাদানে সংক্ষুব্ধ একটি পক্ষ উচ্চ আদালতের যাচ্ছেন বলে জানিয়েছেন।
এদিকে বার্থ অপারেটরস, শিপহ্যান্ডলিং অপারেটরস অ্যান্ড টার্মিনাল অপারেটরস ওনার্স অ্যাসোসিয়েশনের সভাপতি ফজলে একরাম চৌধুরী অভিযোগ করেন, সরকারি ক্রয়বিধি (পিপিআর) অনুযায়ী সীমিত দরপত্র পদ্ধতিতে যে সময় দেওয়ার কথা তা মানা হয়নি। ১৮ নভেম্বর খবর পেয়ে ১৯ নভেম্বরের মধ্যে কাগজপত্র গুছিয়ে দরপত্রে অংশ নেওয়া অসম্ভব ছিল বলে বন্দরের বেশ কয়েকজন অপারেটর জানান। নজির বিহীন অনিয়মের কারণে তারা প্রতিযোগিতায় অংশ নিতে পারেননি বলে জানিয়েছেন।
সে সাথে দ্রুত সময়ে দরপত্র আহবান ও জমাদানের ঘটনায় অংশ নিতে না পারার কথা বলেছেন আগের অপারেটর সাইফ পাওয়ারটেকের কর্মকর্তারা।
তবে বন্দর সচিব জানান, পিপিআর, আইন, বিধি অনুসরণ করেই সিসিটির সীমিত দরপত্র আহ্বান করা হয়েছে। মূল্যায়ন কমিটির সুপারিশে মন্ত্রণালয় সিসিটির নতুন অপারেটর অনুমোদন দিয়েছে। তারা ইতোমধ্যে সিসিটির দায়িত্বভারও বুঝে নিয়েছে।
তিনি বলেন, গত ২ নভেম্বর সাইফ পাওয়ারটেকের সাথে চুক্তির মেয়াদ শেষ হওয়ার পর তাদের তিন সপ্তাহ সময় বাড়ানোর পর সোমবার শেষ হয়েছে।