ঊর্ধ্বতনদের নির্দেশ অমান্য, সিএমপির সার্জেন্ট মুজাহিদুল সাময়িক বরখাস্ত

চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের (সিএমপি) বন্দর ট্রাফিক জোনের সার্জেন্ট মুজাহিদুল ইসলামকে সাময়িক বরখাস্ত করা হয়েছে। ঊর্ধ্বতন কর্মকর্তাদের বৈধ নির্দেশ অমান্য করার অভিযোগে তাঁর বিরুদ্ধে এ প্রশাসনিক ব্যবস্থা নেওয়া হয়েছে। এ ঘটনায় তাঁর বিরুদ্ধে তদন্তও চলছে।

দুই দিন আগে তাঁকে সাময়িক বরখাস্ত করা হলেও বুধবার (২৫ নভেম্বর) বিষয়টি জানাজানি হয়। মুজাহিদুল ইসলাম ২০১৭ সালে সার্জেন্ট পদে পুলিশে যোগ দেন। তাঁর বাড়ি গোপালগঞ্জ জেলায়।

পুলিশ সূত্রে জানা গেছে, নাশকতার একটি ঘটনায় ঊর্ধ্বতন কর্মকর্তাদের নির্দেশে মামলা দায়েরের উদ্যোগ নেওয়া হয়েছিল। তবে ওই মামলায় বাদী হতে রাজি হননি সার্জেন্ট মুজাহিদুল। এ ছাড়া আরও কিছু কারণে তাঁকে সাময়িক বরখাস্ত করা হয়েছে বলে জানা গেছে।

বরখাস্তের বিষয়টি নিশ্চিত করেছেন সিএমপি কমিশনার হাসান মো. শওকত চৌধুরী। তিনি বলেন, কর্তৃপক্ষের বৈধ নির্দেশ অমান্য করায় তাঁকে সাময়িক বরখাস্ত করা হয়েছে। এ ঘটনায় তাঁর বিরুদ্ধে তদন্ত চলছে।

কী ধরনের নির্দেশ অমান্য করা হয়েছিল, জানতে চাইলে সিএমপি কমিশনার বলেন, এগুলো পুলিশের অভ্যন্তরীণ বিষয়। তদন্ত শেষ হওয়ার আগে এ বিষয়ে কোনো মন্তব্য করা উচিত নয়।

তবে নাম প্রকাশ না করার শর্তে পুলিশের এক কর্মকর্তা জানান, গত ১৯ নভেম্বর কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের ডাকা লকডাউন কর্মসূচির দিন বন্দর এলাকার সল্টগোলা ক্রসিং পুলিশ বক্সে দায়িত্ব পালন করছিলেন সার্জেন্ট মুজাহিদুল। ওই দিন রাতে পুলিশ বক্সে ভাঙচুরের ঘটনা ঘটে। সেখানে কাচ ভাঙা এবং ভেতরে আগুন দেওয়ার আলামত পাওয়া যায়।

ওই ঘটনায় মামলা করার জন্য সার্জেন্ট মুজাহিদুলকে নির্দেশ দেওয়া হয়েছিল। তবে তিনি সেই নির্দেশ পালন করেননি বলে দাবি করেন ওই পুলিশ কর্মকর্তা।

এ বিষয়ে বক্তব্য জানতে সার্জেন্ট মুজাহিদুল ইসলামের সঙ্গে যোগাযোগ করা হলেও তাঁর বক্তব্য পাওয়া যায়নি।