চট্টগ্রাম-১২ (পটিয়া) আসনের সংসদ সদস্য ও বিএনপি নেতা মোহাম্মদ এনামুল হকের ব্যক্তিগত সহকারী (পিএস) শেখ মোহাম্মদ হোসেন ওরফে এস এম নয়নের একটি অন্তরঙ্গ ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছে। এ নিয়ে চট্টগ্রামের রাজনৈতিক অঙ্গনে আলোচনা-সমালোচনার সৃষ্টি হয়েছে। ভিডিওটির সত্যতা স্বীকার করে ‘না বুঝে ভুল করেছি’ বলে মন্তব্য করেছেন নয়ন। তবে তাঁকে পরিকল্পিতভাবে ফাঁসানো হয়েছে বলে দাবি করেছেন তিনি।
জানা গেছে, মঙ্গলবার (২৪ নভেম্বর) রাত থেকে ১০ মিনিট ৩৭ সেকেন্ডের একটি ভিডিও ফেসবুকে ছড়িয়ে পড়ে। ভিডিওতে এক তরুণীর সঙ্গে নয়নকে ভিডিও কলে কথা বলতে দেখা যায়। একপর্যায়ে তাঁদের অন্তরঙ্গ মুহূর্তের দৃশ্যও প্রকাশ পায়।
শেখ মোহাম্মদ হোসেন ওরফে এস এম নয়ন চট্টগ্রাম দক্ষিণ জেলা ছাত্রদলের যুগ্ম আহ্বায়কের দায়িত্বেও রয়েছেন। গত ১২ জুন তিনি সংসদ সদস্য মোহাম্মদ এনামুল হকের ব্যক্তিগত সহকারী (পিএস) হিসেবে নিয়োগ পান। ছাত্রদলের গুরুত্বপূর্ণ পদে থাকার পাশাপাশি একজন সংসদ সদস্যের ব্যক্তিগত সহকারী হিসেবে দায়িত্ব পালন করায় ঘটনাটি রাজনৈতিক মহলে নতুন করে বিতর্কের জন্ম দিয়েছে।
এ বিষয়ে জানতে চাইলে এস এম নয়ন ভিডিওটির সত্যতা স্বীকার করেন। তবে নিজেকে নির্দোষ দাবি করে তিনি বলেন, প্রতিপক্ষের লোকজন এক নারীকে দিয়ে তাঁর বিরুদ্ধে ফাঁদ পেতেছে। বিষয়টি না বুঝেই তিনি ভুল করেছেন। ওই তরুণীর সঙ্গে বর্তমানে তাঁর কোনো সম্পর্ক নেই এবং তিনি অন্য একজনকে বিয়ে করেছেন বলেও দাবি করেন নয়ন।
এদিকে নাম প্রকাশ না করার শর্তে ছাত্রদলের এক নেতা বলেন, ছাত্রদলের মতো একটি সংগঠনের গুরুত্বপূর্ণ পদে থেকে এ ধরনের কর্মকাণ্ডে জড়ানো অত্যন্ত দুঃখজনক। একজন নেতার ব্যক্তিগত কর্মকাণ্ডের কারণে পুরো সংগঠনের ভাবমূর্তি ক্ষুণ্ন হয়। বিশেষ করে একজন সংসদ সদস্যের ব্যক্তিগত সহকারী হিসেবে দায়িত্ব পালন করা ব্যক্তির কাছ থেকে আরও দায়িত্বশীল আচরণ প্রত্যাশিত। দলের ভাবমূর্তি রক্ষায় এ ঘটনায় দ্রুত সাংগঠনিক ব্যবস্থা নেওয়া উচিত বলে মনে করেন তিনি।
এ বিষয়ে চট্টগ্রাম দক্ষিণ জেলা ছাত্রদলের আহ্বায়ক এম রবিউল হোসেন রবি বলেন, এ ধরনের কোনো ঘটনা ঘটলে কেন্দ্রীয় ছাত্রদল প্রয়োজনীয় সিদ্ধান্ত নেবে। কেউ ব্যক্তিগতভাবে আপত্তিকর কর্মকাণ্ডে জড়িয়ে পড়লে তার দায়ভার সংগঠন নেবে না বলেও স্পষ্ট করেন তিনি।
ভিডিও ছড়িয়ে পড়ার ঘটনাকে কেন্দ্র করে স্থানীয় রাজনৈতিক অঙ্গনে আলোচনা অব্যাহত রয়েছে।