টানা বর্ষণের মধ্যে পার্বত্য জেলা বান্দরবানের লামা উপজেলায় পাহাড়ধসের পৃথক দুটি ঘটনায় একই এলাকার দুটি পরিবারের পাঁচ সদস্য নিহত হয়েছেন। নিহতদের মধ্যে একটি পরিবারের স্বামী-স্ত্রী ও তাঁদের পাঁচ বছরের সন্তান এবং অন্য পরিবারের স্বামী-স্ত্রী রয়েছেন।
বৃহস্পতিবার (৯ জুলাই) ভোরে লামা উপজেলার আজিজনগর ইউনিয়নের মিশনপাড়া এলাকায় এ মর্মান্তিক দুর্ঘটনা ঘটে।
পুলিশ জানায়, প্রথম ঘটনাটি ঘটে ভোর আনুমানিক ৪টার দিকে। পাহাড়ধসে একটি বসতঘর মাটিচাপা পড়লে একই পরিবারের স্বামী, স্ত্রী ও তাঁদের পাঁচ বছর বয়সী সন্তান ঘটনাস্থলেই নিহত হন।
এর প্রায় দেড় ঘণ্টা পর, ভোর আনুমানিক ৫টা ৪০ মিনিটে একই ইউনিয়নের মিশনপাড়া এলাকায় আরেকটি পাহাড়ধসের ঘটনা ঘটে। এতে পৃথক একটি বসতঘর ধসে পড়ে স্বামী-স্ত্রী নিহত হন।
খবর পেয়ে স্থানীয় বাসিন্দা, ফায়ার সার্ভিস ও আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা উদ্ধার অভিযান চালিয়ে মরদেহগুলো উদ্ধার করেন।
পুলিশ জানিয়েছে, টানা ভারী বর্ষণের কারণে পাহাড়ের মাটি নরম হয়ে এ দুর্ঘটনা ঘটেছে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। নিহতদের পরিচয় শনাক্ত এবং প্রয়োজনীয় আইনগত কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।
এদিকে, টানা বৃষ্টির কারণে বান্দরবানের বিভিন্ন পাহাড়ি এলাকায় পাহাড়ধসের ঝুঁকি বেড়ে যাওয়ায় ঝুঁকিপূর্ণ এলাকায় বসবাসকারীদের নিরাপদ স্থানে সরে যাওয়ার আহ্বান জানিয়েছে স্থানীয় প্রশাসন। পাশাপাশি সম্ভাব্য দুর্ঘটনা এড়াতে সবাইকে সতর্ক থাকার অনুরোধ করা হয়েছে।