চট্টগ্রাম: নগরের হালিশহর থানা পুলিশের একটি টহল দলের গাড়ি চুরির ঘটনা ঘটেছে। সড়কের পাশের একটি ক্যান্টিনে দুপুরের খাবার খেতে গিয়ে গাড়িটি রেখে যান পুলিশ সদস্যরা। মাত্র ১০ মিনিটের ব্যবধানে ফিরে এসে দেখেন, গাড়িটি উধাও।
বুধবার (১৮ নভেম্বর) দুপুরে চট্টগ্রাম জেলা পুলিশ লাইন্সের পাশে পুনাক ক্যান্টিনের সামনে এ ঘটনা ঘটে।
সিসিটিভি ক্যামেরার ফুটেজে দেখা যায়, পুলিশের টহল দলের সদস্যরা ক্যান্টিনে প্রবেশের পরপরই এক ব্যক্তি নিজের কাছে থাকা চাবি দিয়ে গাড়ির দরজা খোলেন। এরপর গাড়িতে উঠে সেটি চালিয়ে নিয়ে যান।
সিএমপির সহকারী কমিশনার (মিডিয়া) আমিনুর রশিদ বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি বলেন, হালিশহর থানা পুলিশের একটি টহল দল ভাত খেতে সড়কের পাশে একটি ক্যান্টিনে গিয়েছিল। প্রায় ১০ মিনিট পর বের হয়ে তারা গাড়িটি আর দেখতে পাননি।
গাড়ি চুরির ঘটনায় জড়িত ব্যক্তিকে শনাক্ত ও গ্রেপ্তারে অভিযান চলছে বলে জানান এই পুলিশ কর্মকর্তা।