বাঁশখালীতে শ্বশুরবাড়িতে বাবা ও ৭ মাসের জমজ দুই মেয়ের মরদেহ উদ্ধার, চিরকুটে শাশুড়িকে দায়ী করে ২ লাখ ৬০ হাজার টাকা পাওনার দাবি; জিজ্ঞাসাবাদে স্ত্রী-শাশুড়ি ও শ্যালিকা

বাঁশখালীতে একই কক্ষে বাবা ও জমজ দুই শিশুর মরদেহ উদ্ধার

চট্টগ্রামের  বাঁশখালীতে শ্বশুরবাড়ির একটি কক্ষ থেকে জাহেদুল ইসলাম (৫০) নামে এক ব্যক্তি ও তাঁর সাত মাস বয়সী জমজ দুই কন্যাশিশুর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। শুক্রবার (১৩ নভেম্বর) সন্ধ্যায় উপজেলার পুঁইছড়ি ইউনিয়নের মধ্যম পুঁইছড়ি মওলারপাড়া এলাকার একটি বাড়ি থেকে তাঁদের মরদেহ উদ্ধার করা হয়।

নিহত জাহেদুল ইসলাম বাঁশখালীর চাম্বল ইউনিয়নের বাসিন্দা এবং সাবেক উপজেলা চেয়ারম্যান প্রয়াত বদিউল আলমের ছেলে। তাঁর দুই কন্যাশিশুর নাম জারিন জান্নাত ও জাসিয়া জান্নাত। বাবার মরদেহ ঘরের চালার সঙ্গে রশিতে ঝুলন্ত অবস্থায় এবং দুই শিশুর মরদেহ খাটের পাশে মেঝেতে পড়ে ছিল।

এ ঘটনায় জিজ্ঞাসাবাদের জন্য জাহেদুলের স্ত্রী আফিয়া বেগম, শাশুড়ি ও শ্যালিকাকে হেফাজতে নিয়েছে পুলিশ।

পুলিশের প্রাথমিক ধারণা, দুই শিশুকে শ্বাসরোধে হত্যার পর জাহেদুল আত্মহত্যা করে থাকতে পারেন। তবে মৃত্যুর প্রকৃত কারণ এখনো নিশ্চিত হওয়া যায়নি। ঘটনাস্থল থেকে উদ্ধার হওয়া একটি চিরকুটে শাশুড়িকে মৃত্যুর জন্য দায়ী করার পাশাপাশি তাঁর কাছে ২ লাখ ৬০ হাজার টাকা পাওনার কথা উল্লেখ রয়েছে। চিরকুটটি জাহেদুলের লেখা কি না, তা যাচাই করছে পুলিশ।

স্থানীয় সূত্র ও পুলিশ জানায়, জাহেদুল দীর্ঘদিন প্রবাসে ছিলেন। ২০২৫ সালের ২৭ ফেব্রুয়ারি পুঁইছড়ি ইউনিয়নের মওলারপাড়া এলাকার শামসুল আলমের মেয়ে আফিয়া বেগমের সঙ্গে তাঁর বিয়ে হয়। সাত মাস আগে তাঁদের সংসারে জমজ দুই কন্যাশিশুর জন্ম হয়। এটি ছিল জাহেদুলের দ্বিতীয় বিয়ে। নিজের বাড়ি চাম্বল ইউনিয়নে হলেও গত দেড় বছর ধরে তিনি স্ত্রী-সন্তানদের নিয়ে শ্বশুরবাড়িতে বসবাস করছিলেন।

নিহতের স্ত্রী আফিয়া বেগম জানান, শুক্রবার তিনি ও তাঁর মা পরিবারের পক্ষ থেকে মানত দিতে ভিলেজারপাড়া এলাকার একটি মসজিদে যান। যাওয়ার আগে শিশুদের দুধ তৈরি করে রেখে যান। জাহেদুল নিজেই সন্তানদের দেখাশোনার দায়িত্ব নেবেন বলে তাঁকে আশ্বস্ত করেছিলেন। পরে বিকেলে স্বামীর মুঠোফোনে যোগাযোগের চেষ্টা করেও সাড়া পাননি। বাড়িতে ফিরে প্রধান ফটক ও ঘরের দরজা বন্ধ দেখতে পান। এরপর ঘরের ভেতরে গিয়ে স্বামী ও দুই সন্তানের মরদেহ দেখতে পান।

স্থানীয় ইউপি সদস্য সাদ্দাম হোসেন মানিক জানান, জাহেদুল দীর্ঘদিন ধরে শ্বশুরবাড়িতে বসবাস করছিলেন। শুক্রবারের মর্মান্তিক ঘটনার খবর ছড়িয়ে পড়লে এলাকায় শোক ও চাঞ্চল্যের সৃষ্টি হয়।

খবর পেয়ে সন্ধ্যা ৬টার দিকে ফায়ার সার্ভিসের একটি দল ঘটনাস্থলে পৌঁছায়। বাঁশখালী ফায়ার সার্ভিস স্টেশনের কর্মকর্তা মো. মিজানুর রহমান জানান, যে কক্ষে জাহেদুলকে ঝুলন্ত অবস্থায় পাওয়া যায়, সেটির দরজা ভেতর থেকে হুক লাগানো ছিল। পরে দরজার পাশের বেড়া কেটে উদ্ধারকর্মীরা ভেতরে প্রবেশ করেন। এ সময় ঘরের চালার সঙ্গে রশিতে ঝুলন্ত অবস্থায় জাহেদুল এবং খাটের পাশে মেঝেতে দুই শিশুর মরদেহ দেখতে পান তাঁরা। পরে পুলিশ ও ফায়ার সার্ভিসের সদস্যরা মরদেহগুলো উদ্ধার করেন।

বাঁশখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. রবিউল হক জানান, একই বাড়ির একটি কক্ষ থেকে বাবা ও তাঁর জমজ দুই কন্যাশিশুর মরদেহ উদ্ধার করা হয়েছে। শিশুদের মরদেহের পাশে একটি চিরকুট পাওয়া গেছে। এতে লেখা রয়েছে, ‘আমাদের মৃত্যুর জন্য আমার শাশুড়ি দায়ী। তার কাছ থেকে ২ লাখ ৬০ হাজার টাকা পাব।’

ওসি আরও জানান, ঘটনাটি গুরুত্বের সঙ্গে তদন্ত করা হচ্ছে। জিজ্ঞাসাবাদের জন্য নিহতের স্ত্রী, শাশুড়ি ও শ্যালিকাকে হেফাজতে নেওয়া হয়েছে। ময়নাতদন্তের জন্য মরদেহগুলো চট্টগ্রাম মেডিক্যাল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।

সহকারী পুলিশ সুপার (আনোয়ারা সার্কেল) মামুদুল হাসান জানান, ঘটনাস্থল থেকে একটি চিরকুট উদ্ধার করা হয়েছে। সেখানে শাশুড়ির কাছে টাকা পাওনার বিষয় উল্লেখ রয়েছে। তবে চিরকুটের লেখক কে, সেটি যাচাই করা হচ্ছে। ময়নাতদন্তের প্রতিবেদন ও তদন্তের মাধ্যমে মৃত্যুর প্রকৃত কারণ উদ্‌ঘাটন করে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

একই পরিবারের তিনজনের এমন মৃত্যুর ঘটনায় বাঁশখালীজুড়ে শোকের ছায়া নেমে এসেছে। বিশেষ করে সাত মাস বয়সী জমজ দুই শিশুর মৃত্যুর ঘটনায় স্থানীয়দের মধ্যে গভীর শোক ও নানা প্রশ্নের সৃষ্টি হয়েছে।