চট্টগ্রাম: দীর্ঘ ৩৩ বছরের শিক্ষকতা জীবনের ইতি টানলেন চট্টগ্রামের পটিয়া উপজেলার চক্রশালা কৃষি উচ্চ বিদ্যালয়ের সিনিয়র শিক্ষিকা রমা ভট্টাচার্য্য। দীর্ঘ কর্মজীবনে অসংখ্য শিক্ষার্থীর মাঝে জ্ঞানের আলো ছড়িয়ে দেওয়া এই শিক্ষিকাকে অশ্রুসিক্ত ভালোবাসা, শ্রদ্ধা ও সম্মাননায় বিদায় জানিয়েছেন সহকর্মী, শিক্ষার্থী, বিদ্যালয় পরিচালনা কমিটি ও শুভানুধ্যায়ীরা।
বৃহস্পতিবার (১২ নভেম্বর) দুপুরে বিদ্যালয়ের অডিটোরিয়ামে আয়োজিত বিদায় সংবর্ধনা অনুষ্ঠানে আবেগঘন পরিবেশের সৃষ্টি হয়। সহকর্মীদের স্মৃতিচারণ, ফুলেল শুভেচ্ছা ও সম্মাননা প্রদানের মধ্য দিয়ে প্রিয় শিক্ষিকাকে বিদায় জানান উপস্থিত অতিথিরা।
অনুষ্ঠানে বক্তারা বলেন, একজন আদর্শ শিক্ষক শুধু পাঠ্যবইয়ের জ্ঞান বিতরণ করেন না, বরং শিক্ষার্থীদের নৈতিকতা, মানবিকতা ও মূল্যবোধসম্পন্ন মানুষ হিসেবে গড়ে তুলতেও গুরুত্বপূর্ণ ভূমিকা রাখেন। রমা ভট্টাচার্য্য দীর্ঘ কর্মজীবনে নিষ্ঠা, সততা ও আন্তরিকতার মাধ্যমে সেই দায়িত্ব পালন করেছেন। তাঁর কাছ থেকে শিক্ষা নেওয়া শিক্ষার্থীরা সমাজের বিভিন্ন ক্ষেত্রে প্রতিষ্ঠিত হলেও শিক্ষকের প্রতি তাঁদের শ্রদ্ধা ও ভালোবাসা আজীবন অটুট থাকবে।
বক্তারা শিক্ষার্থীদের উদ্দেশে বলেন, জীবনে বড় হওয়ার পাশাপাশি সৎ, আদর্শবান ও মানবিক মানুষ হতে হবে। ভালো ফলাফল কিংবা উচ্চশিক্ষার সনদই জীবনের একমাত্র সাফল্য নয়; মানুষের প্রতি দায়িত্ববোধ, নৈতিকতা ও মানবিক মূল্যবোধই একজন মানুষকে প্রকৃত অর্থে বড় করে তোলে।
বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোহাম্মদ নাছির উদ্দীনের সভাপতিত্বে এবং শিক্ষক বজলুর রশিদের সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি নুরুল আবছার চৌধুরী। বিশেষ অতিথি ছিলেন মোহাম্মদ শাহ ইলিয়াছ চৌধুরী, সহকারী প্রধান শিক্ষক সমর কান্তি বিশ্বাস, সিনিয়র শিক্ষক জান্নাতুল ফেরদৌস, সাধন চন্দ্র দে, রবিন্দ্র ঘোষ, ঝুলন চক্রবর্তী, সাংবাদিক সেলিম চৌধুরী, কাউছার আলম, রবিউল আলম ছোটন ও ওবায়দুল হক পিবলু।
বিদায়ী বক্তব্যে সিনিয়র শিক্ষিকা রমা ভট্টাচার্য্য বলেন, ১৯৯৪ সালের ১ জানুয়ারি চক্রশালা কৃষি উচ্চ বিদ্যালয়ে যোগদানের মধ্য দিয়ে তাঁর শিক্ষকতা জীবনের যাত্রা শুরু হয়। দীর্ঘ ৩৩ বছর এই বিদ্যালয়, সহকর্মী ও শিক্ষার্থীদের সঙ্গে তাঁর জীবনের একটি বড় সময় কেটেছে। বিদ্যালয়ের প্রতিটি শ্রেণিকক্ষ, শিক্ষার্থীদের মুখ এবং সহকর্মীদের সঙ্গে কাটানো স্মৃতি তাঁর জীবনের অমূল্য সম্পদ হয়ে থাকবে।
দায়িত্ব পালনকালে জেনে-অজান্তে কারও মনে কষ্ট দিয়ে থাকলে ক্ষমাসুন্দর দৃষ্টিতে দেখার অনুরোধ জানান তিনি। একই সঙ্গে শিক্ষার্থীদের সুনাগরিক ও মানবিক মানুষ হিসেবে গড়ে ওঠার আহ্বান জানান।
প্রধান অতিথির বক্তব্যে নুরুল আবছার চৌধুরী বলেন, একজন শিক্ষকের প্রকৃত অর্জন তাঁর অবসরের দিনে শিক্ষার্থী ও সহকর্মীদের ভালোবাসা। রমা ভট্টাচার্য্য দীর্ঘদিন নিষ্ঠার সঙ্গে দায়িত্ব পালন করে বিদ্যালয়ের শিক্ষা কার্যক্রমে গুরুত্বপূর্ণ অবদান রেখেছেন। তাঁর কর্মময় জীবন নতুন প্রজন্মের শিক্ষকদের জন্য অনুকরণীয় হয়ে থাকবে।
সভাপতির বক্তব্যে প্রধান শিক্ষক মোহাম্মদ নাছির উদ্দীন বলেন, রমা ভট্টাচার্য্য শুধু একজন সহকর্মী ছিলেন না, তিনি ছিলেন বিদ্যালয়ের শিক্ষা পরিবারের একজন নিবেদিতপ্রাণ সদস্য। তাঁর অভিজ্ঞতা, আন্তরিকতা ও দায়িত্বশীলতা বিদ্যালয়ের জন্য সব সময় স্মরণীয় হয়ে থাকবে। অবসর জীবনে তাঁর সুস্বাস্থ্য, দীর্ঘায়ু ও সুখ-শান্তি কামনা করেন তিনি।
উল্লেখ্য, রমা ভট্টাচার্য্য এমএ ও বিএড ডিগ্রিধারী। ১৯৯৪ সালের ১ জানুয়ারি চক্রশালা কৃষি উচ্চ বিদ্যালয়ে যোগদানের পর থেকে দীর্ঘ ৩৩ বছর শিক্ষকতা পেশায় নিয়োজিত ছিলেন। তাঁর স্বামী ঝুলন চক্রবর্ত্তী একজন ব্যবসায়ী ও ফার্মাসিস্ট। তাঁদের দুই সন্তানের মধ্যে ছেলে অম্লান চক্রবর্ত্তী আহছানউল্লাহ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় থেকে কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং বিষয়ে স্নাতক সম্পন্ন করেছেন। মেয়ে কল্পিতা চক্রবর্ত্তী ইস্ট ডেল্টা বিশ্ববিদ্যালয়ের কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং বিভাগে অধ্যয়নরত।
একজন শিক্ষকের কর্মজীবনের আনুষ্ঠানিক সমাপ্তি ঘটলেও তাঁর হাতে গড়া শিক্ষার্থীদের সাফল্য, শিক্ষা ও মূল্যবোধের মধ্য দিয়ে তাঁর অবদান বেঁচে থাকবে প্রজন্ম থেকে প্রজন্মে। চক্রশালা কৃষি উচ্চ বিদ্যালয়ে রমা ভট্টাচার্য্যের ৩৩ বছরের পথচলা শিক্ষকতার প্রতি ভালোবাসা, দায়িত্ববোধ ও নিবেদনের এক স্মরণীয় অধ্যায় হয়ে থাকবে।