গণমানুষের কল্যাণে নিবেদিত নেত্রী ছিলেন রোজী কবির: ডা. শাহাদাত

সাবেক সংসদ সদস্য ও বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা মরহুমা বেগম রোজী কবিরকে গণমানুষের কল্যাণে নিবেদিত একজন নেত্রী হিসেবে উল্লেখ করেছেন চট্টগ্রাম সিটি করপোরেশনের প্রশাসক ডা. শাহাদাত হোসেন।

তিনি বলেছেন, বিএনপির জন্মলগ্ন থেকেই সক্রিয় রাজনীতিতে যুক্ত ছিলেন বেগম রোজী কবির। দলের দুঃসময়ে তিনি বিশ্বস্ততার সঙ্গে দায়িত্ব পালন করেছেন। সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার বিশ্বস্ত এই নেত্রী সংসদ সদস্য থাকাকালে নিজ এলাকায় অনেক উন্নয়নমূলক কাজ করেছেন। স্বৈরাচারবিরোধী আন্দোলন এবং ওয়ান-ইলেভেনের ক্রান্তিকালে তাঁর অবদান দল ও দেশ শ্রদ্ধার সঙ্গে স্মরণ করবে। তাঁর ত্যাগ ও আদর্শ দলের নেতাকর্মীদের আজীবন অনুপ্রেরণা জোগাবে।

শুক্রবার (১৩ নভেম্বর) বিকেলে নগরের দক্ষিণ হালিশহরের সিমেন্স হোস্টেল সংলগ্ন আবদুল মাবুদ সওদাগর জামে মসজিদে বেগম রোজী কবিরের দ্বিতীয় মৃত্যুবার্ষিকী উপলক্ষে ইপিজেড থানা বিএনপি আয়োজিত দোয়া মাহফিলে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

ডা. শাহাদাত হোসেন মরহুমার কর্মময় রাজনৈতিক জীবনের স্মৃতিচারণ করে বলেন, রাজনীতিতে তাঁর বলিষ্ঠ ভূমিকা দলীয় নেতাকর্মীদের সবসময় অনুপ্রেরণা জোগাবে। দেশ ও দলের স্বার্থে নিষ্ঠার সঙ্গে দায়িত্ব পালনে তাঁর কর্মকাণ্ড ছিল প্রশংসনীয়। আদর্শনিষ্ঠ উদ্যম ও উদ্যোগই ছিল তাঁর রাজনৈতিক জীবনের সাফল্যের মূল ভিত্তি। কর্মীবান্ধব রাজনীতিবিদ হিসেবে তিনি জনগণ ও দলের সর্বস্তরের নেতাকর্মীদের কাছে অত্যন্ত শ্রদ্ধেয় ছিলেন। সমাজকল্যাণমূলক কাজকে তিনি সবসময় অগ্রাধিকার দিতেন।

দোয়া মাহফিলে বেগম রোজী কবিরের আত্মার মাগফেরাত কামনায় বিশেষ দোয়া ও মোনাজাত করা হয়। এ সময় প্রধানমন্ত্রী তারেক রহমানের দীর্ঘায়ু ও সুস্বাস্থ্য কামনা করা হয়। পাশাপাশি শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান, বেগম খালেদা জিয়া, আরাফাত রহমান কোকোসহ প্রয়াত নেতৃবৃন্দের আত্মার মাগফেরাত কামনায় মোনাজাত করা হয়।

দোয়া ও মোনাজাতে অংশ নেওয়ার পর ডা. শাহাদাত হোসেন মসজিদ সংলগ্ন কবরস্থানে বেগম রোজী কবিরের কবর জিয়ারত করেন এবং ফুল দিয়ে শ্রদ্ধা জানান।

মৃত্যুবার্ষিকী উপলক্ষে মরহুমার পরিবারের পক্ষ থেকে এতিমখানায় খাদ্য বিতরণ করা হয়। এ ছাড়া ইপিজেড থানা বিএনপি ও ওয়ার্ড বিএনপির পক্ষ থেকে তাঁর কবরে পুষ্পস্তবক অর্পণ করা হয়।

এ সময় উপস্থিত ছিলেন মহানগর বিএনপির সদস্য ও ইপিজেড থানা বিএনপির সাবেক সভাপতি এবং সাবেক কাউন্সিলর সরফরাজ কাদের রাসেল, ৩৯ নম্বর ওয়ার্ড বিএনপির সাবেক সভাপতি আশরাফ উদ্দিন, সহসভাপতি মো. শরিফ ও আবদুল মান্নান, ইপিজেড থানা বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক ইমরান খান, বিএনপি নেতা মো. আইযুব, ইপিজেড থানা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক ইউছুপ সুমন, থানা ছাত্রদলের আহ্বায়ক মো. শাহেদ, সদস্যসচিব আকিব জাবেদ, থানা যুবদলের সহসভাপতি দিদারুল আলম, মো. ফোরকান প্রমুখ।