আনোয়ারা প্রতিনিধি :-
যান্ত্রিক ত্রুটির কারণে ২৭ দিন বন্ধ থাকার পর আবারও ইউরিয়া সার উৎপাদন শুরু করেছে চট্টগ্রামের আনোয়ারায় অবস্থিত রাষ্ট্রায়ত্ত চিটাগাং ইউরিয়া ফার্টিলাইজার লিমিটেড (সিইউএফএল)। শুক্রবার (১৩ নভেম্বর) ভোররাত ৩টার দিকে কারখানাটিতে পুনরায় উৎপাদন শুরু হয়।
কারখানা সূত্রে জানা গেছে, বর্তমানে ২৪ ঘণ্টায় গড়ে এক হাজার মেট্রিক টনের বেশি ইউরিয়া সার উৎপাদন হচ্ছে। উৎপাদিত এ সারের বাজারমূল্য প্রায় সাড়ে চার কোটি টাকা।
বিষয়টি নিশ্চিত করেছেন সিইউএফএলের ব্যবস্থাপনা পরিচালক (এমডি) মিজানুর রহমান। তিনি বলেন, যান্ত্রিক ত্রুটির কারণে প্রায় ২৭ দিন কারখানার উৎপাদন বন্ধ ছিল। বর্তমানে গ্যাস সরবরাহে কোনো সংকট নেই। চাহিদা অনুযায়ী পর্যাপ্ত গ্যাস পাওয়া যাচ্ছে।
জানা গেছে, গত ১৭ অক্টোবর রাতে যান্ত্রিক ত্রুটি দেখা দেওয়ায় কারখানাটিতে ইউরিয়া সার উৎপাদন বন্ধ হয়ে যায়। এর আগে দীর্ঘ ছয় মাস গ্যাস সংকটের কারণে সিইউএফএলের উৎপাদন বন্ধ ছিল। পরে গ্যাস সরবরাহ পাওয়ার পর গত ১৫ সেপ্টেম্বর কারখানাটিতে উৎপাদন শুরু হয়। তবে চালুর ৪৮ ঘণ্টা না পেরোতেই যান্ত্রিক ত্রুটির কারণে আবারও উৎপাদন বন্ধ হয়ে যায়।
এর প্রায় ১২ দিন পর ত্রুটি কাটিয়ে সেপ্টেম্বরের শেষের দিকে কারখানাটি পুনরায় উৎপাদনে ফিরলেও কিছুদিনের ব্যবধানে আবারও যান্ত্রিক ত্রুটি দেখা দেয়। এতে বন্ধ হয়ে যায় সার উৎপাদন।
অবশেষে ত্রুটি মেরামত শেষে ২৭ দিন পর শুক্রবার ভোররাত থেকে আবারও উৎপাদন শুরু হয়েছে সিইউএফএলে। কারখানাটির উৎপাদন অব্যাহত থাকলে প্রতিদিন এক হাজার মেট্রিক টনের বেশি ইউরিয়া সার জাতীয় সরবরাহ ব্যবস্থায় যুক্ত হবে।