ফেনীতে ১৫ কেজি গাঁজাসহ জকির আলম (৪৫) নামে এক রোহিঙ্গা মাদক কারবারিকে আটক করেছে র্যাব-৭। এ সময় আইনের সঙ্গে সংঘাতে জড়িত ১৫ বছর বয়সী এক রোহিঙ্গা শিশুকেও উদ্ধার করা হয়েছে।
বুধবার (৯ সেপ্টেম্বর) সন্ধ্যা পৌনে ৮টার দিকে ফেনী সদর থানাধীন মহিপাল ফ্লাইওভার সংলগ্ন তিশা প্লাটিনাম (প্রা.) লিমিটেডের বাস কাউন্টারের সামনে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের চট্টগ্রামমুখী সড়কে অভিযান চালিয়ে তাদের আটক ও উদ্ধার করা হয়।
র্যাব-৭ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে ওই এলাকায় মাদক কারবারিরা মাদকদ্রব্যসহ গাড়িতে ওঠার জন্য অবস্থান করছে বলে তথ্য পাওয়া যায়। এর ভিত্তিতে র্যাব-৭ চট্টগ্রামের একটি আভিযানিক দল সেখানে অভিযান চালায়। র্যাবের উপস্থিতি টের পেয়ে দুই ব্যক্তি তাদের সঙ্গে থাকা মালামাল নিয়ে কৌশলে বাসে ওঠার চেষ্টা করে। এ সময় জকির আলমকে আটক করা হয় এবং ১৫ বছর বয়সী এক রোহিঙ্গা শিশুকে উদ্ধার করা হয়।
পরে জকির আলমের হেফাজতে থাকা খাকি রঙের একটি কার্টনের ভেতর স্কচটেপে মোড়ানো দুটি বান্ডেল থেকে ৮ কেজি গাঁজা উদ্ধার করা হয়। একই সময় শিশুটির কাঁধব্যাগে থাকা স্কচটেপে মোড়ানো তিনটি বান্ডেল থেকে আরও ৭ কেজি গাঁজা উদ্ধার করা হয়।
অভিযানে সর্বমোট ১৫ কেজি গাঁজা জব্দ করা হয়েছে। উদ্ধার করা গাঁজার আনুমানিক মূল্য ১ লাখ ৫০ হাজার টাকা বলে জানিয়েছে র্যাব।
আটক জকির আলম কক্সবাজারের উখিয়া থানার কুতুপালং এলাকার মৃত মোজাহের মিয়ার ছেলে।
র্যাব জানায়, আটক ব্যক্তি ও উদ্ধার করা মাদকদ্রব্যের বিষয়ে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য তাদের ফেনী সদর থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে।