সাতকানিয়ায় বাস-সিএনজি সংঘর্ষে শিশুসহ নিহত ২, আহত ৪; বাসে আগুন, পুলিশের সঙ্গে সংঘর্ষ

চট্টগ্রাম প্রতিনিধি:

চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কের সাতকানিয়ার পাঠানীপুল এলাকায় মিনি বাস ও সিএনজি অটোরিকশার সংঘর্ষে পিতা ও শিশুকন্যাসহ দুজন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও চারজন। দুর্ঘটনার পর উত্তেজিত জনতা মিনি বাসটিতে আগুন ধরিয়ে দেয়। এ সময় স্থানীয়দের সঙ্গে পুলিশের সংঘর্ষের ঘটনা ঘটে।

শুক্রবার (২৩ অক্টোবর) রাত সাড়ে ৮টার দিকে এ দুর্ঘটনা ঘটে।

প্রত্যক্ষদর্শী ও স্থানীয় সূত্রে জানা গেছে, চট্টগ্রাম অভিমুখী একটি মিনি বাসের চাকা বিস্ফোরিত হয়ে নিয়ন্ত্রণ হারালে সেটি একটি সিএনজি অটোরিকশাকে ধাক্কা দেয়। এতে সিএনজিতে থাকা দেলোয়ার নামে এক ব্যক্তি ঘটনাস্থলেই নিহত হন। পরে হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তাঁর শিশুকন্যার মৃত্যু হয়।

সংঘর্ষে সিএনজি অটোরিকশাটি দুমড়েমুচড়ে যায়। এ ঘটনায় আরও চারজন গুরুতর আহত হন। আহতদের হাসপাতালে নেওয়া হয়েছে।

দুর্ঘটনার পর উত্তেজিত জনতা মহাসড়কে ব্যারিকেড দিয়ে মিনি বাসটিতে আগুন ধরিয়ে দেয়। খবর পেয়ে ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনেন। এ সময় স্থানীয় জনতার সঙ্গে পুলিশের সংঘর্ষের ঘটনা ঘটে।

বাসে আগুন দেওয়ার ঘটনায় মহাসড়কে যান চলাচল ব্যাহত হয়। এ ঘটনায় এলাকায় উত্তেজনা ছড়িয়ে পড়ে।