গ্রাহকের অর্থ আত্মসাৎ, জালিয়াতি ও প্রতারণার মামলায় ইস্টার্ন ব্যাংক লিমিটেডের (ইবিএল) এক সাবেক কর্মকর্তাকে ১৪ বছরের সশ্রম কারাদণ্ড দিয়েছেন আদালত। একই সঙ্গে তাকে আত্মসাৎ করা ৪৭ লাখ ৫৪ হাজার টাকা অর্থদণ্ড এবং অনাদায়ে আরও এক বছরের সশ্রম কারাদণ্ড দেওয়া হয়েছে।
বুধবার (৯ সেপ্টেম্বর) চট্টগ্রাম বিভাগীয় বিশেষ জজ আদালতের বিচারক মোহাম্মদ মিজানুর রহমান এ রায় ঘোষণা করেন।
দণ্ডপ্রাপ্ত আসামি হলেন ইবিএলের চট্টগ্রামের চাঁদগাঁও থানাধীন বহদ্দারহাট শাখার সাবেক প্রায়োরিটি ব্যাংকিং ম্যানেজার মো. ইফতেখারুল কবির। বর্তমানে তিনি সাময়িক বরখাস্ত রয়েছেন।
মামলার রাষ্ট্রপক্ষে পরিচালনা করেন দুর্নীতি দমন কমিশনের (দুদক) চট্টগ্রামের পিপি অ্যাডভোকেট মোহাম্মদ আব্দুল গাফফার। ইবিএলের পক্ষে মামলা পরিচালনা করেন অ্যাডভোকেট মকবুল কাদের চৌধুরী এবং আসামির পক্ষে ছিলেন অ্যাডভোকেট শুভ্র কান্তি নাথ।
আদালত সূত্রে জানা গেছে, ক্ষমতার অপব্যবহার করে জাল-জালিয়াতি, প্রতারণা, জাল সিল ও প্যাড তৈরি এবং মিথ্যা হিসাব বিবরণীর মাধ্যমে ব্যাংকের গ্রাহকদের ৪৭ লাখ ৫৪ হাজার টাকা আত্মসাৎ করার অভিযোগে ইফতেখারুল কবিরের বিরুদ্ধে মামলা করা হয়।
মামলাটিতে আদালত মোট ৯ জন সাক্ষীর সাক্ষ্য গ্রহণ করেন। সাক্ষ্য-প্রমাণ পর্যালোচনা শেষে আদালত আসামিকে বিভিন্ন ধারায় মোট ১৪ বছরের সশ্রম কারাদণ্ড ও অর্থদণ্ড দেন।
রায়ে দণ্ডবিধির ৪০৯ ধারায় পাঁচ বছর, ৪২০ ধারায় দুই বছর, ৪৬৭ ধারায় দুই বছর, ৪৬৮ ধারায় এক বছর, ৪৭১ ধারায় এক বছর এবং দুর্নীতি প্রতিরোধ আইনের ৫(২) ধারায় তিন বছর কারাদণ্ড দেওয়া হয়। সবগুলো সাজা মিলিয়ে মোট ১৪ বছরের সশ্রম কারাদণ্ড হয়।
এ ছাড়া আত্মসাৎ করা ৪৭ লাখ ৫৪ হাজার টাকা অর্থদণ্ড দেওয়া হয়েছে। অর্থদণ্ড অনাদায়ে আসামিকে আরও এক বছর সশ্রম কারাদণ্ড ভোগ করতে হবে।
মামলাটি দুর্নীতি দমন কমিশন (দুদক) দায়ের করে এবং দীর্ঘ বিচারিক প্রক্রিয়া শেষে বুধবার আদালত এ রায় ঘোষণা করেন।