ব্যানার টাঙাতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে চবি শিক্ষার্থীর মৃত্যু

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে (চবি) বিভাগের ব্যানার টাঙাতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে আরিফুল ইসলাম নামে এক শিক্ষার্থীর মৃত্যু হয়েছে।

মঙ্গলবার (৮ সেপ্টেম্বর) রাত ১০টার দিকে বিশ্ববিদ্যালয়ের শহীদ আব্দুর রব হলের প্রধান ফটক এলাকায় এ মর্মান্তিক দুর্ঘটনা ঘটে।

নিহত আরিফুল ইসলাম চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের প্রাণিবিদ্যা বিভাগের ২০২৪-২৫ শিক্ষাবর্ষের শিক্ষার্থী ছিলেন। তাঁর গ্রামের বাড়ি খাগড়াছড়ি জেলায়।

প্রত্যক্ষদর্শীরা জানান, শহীদ আব্দুর রব হলের প্রবেশদ্বারের পাশে নিজের বিভাগের একটি ব্যানার টাঙানোর জন্য ওপরে উঠেছিলেন আরিফুল। এ সময় অসাবধানতাবশত তিনি একটি বৈদ্যুতিক তারের সংস্পর্শে আসেন। এতে তিনি বিদ্যুৎস্পৃষ্ট হয়ে কিছুক্ষণ তারের সঙ্গে ঝুলে ছিলেন।

ঘটনাটি দেখতে পেয়ে উপস্থিত শিক্ষার্থীরা দ্রুত হলের প্রধান বৈদ্যুতিক সংযোগের মেইন সুইচ বন্ধ করে দেন। পরে আরিফুল নিচে পড়ে গেলে তাকে উদ্ধার করে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় মেডিক্যাল সেন্টারে নেওয়া হয়।

চবি মেডিক্যাল সেন্টারের প্রধান ডা. আবু তৈয়ব জানান, মেডিক্যাল সেন্টারে নেওয়ার সময় আরিফুলের অবস্থা আশঙ্কাজনক ছিল। সেখানে প্রাথমিক চিকিৎসা দেওয়ার পর তাকে দ্রুত চট্টগ্রাম মেডিক্যাল কলেজ হাসপাতালে নেওয়ার পরামর্শ দেওয়া হয়। তবে অবস্থার অবনতি হওয়ায় তাকে কাছের একটি হাসপাতালে নেওয়া হচ্ছিল। পথে তাঁর মৃত্যু হয়। হাসপাতালে নেওয়ার পর কর্তব্যরত চিকিৎসকেরা ইসিজি পরীক্ষা করে তাঁকে মৃত ঘোষণা করেন।

এ বিষয়ে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক হোসেন শহিদ সোহরাওয়ার্দী বলেন, ঘটনাটি অত্যন্ত মর্মান্তিক ও দুঃখজনক। কীভাবে এ দুর্ঘটনা ঘটেছে, তা খতিয়ে দেখা হচ্ছে। বিশ্ববিদ্যালয় প্রশাসন বিষয়টি গুরুত্বের সঙ্গে দেখছে এবং ভবিষ্যতে এ ধরনের দুর্ঘটনা এড়াতে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।