অতিবৃষ্টির কারণে পশ্চিমবঙ্গের ফরাক্কার কাছে রেললাইনে ধস নেমেছে। এতে উত্তরবঙ্গগামী একাধিক ট্রেন বিভিন্ন স্টেশনে আটকা পড়েছে। ঝুঁকি এড়াতে ওই রুটে ট্রেন চলাচল সাময়িকভাবে বন্ধ রেখে রেললাইন মেরামতের কাজ শুরু করেছে কর্তৃপক্ষ।
বৃহস্পতিবার সকালে তিলডাঙা ও নিউ ফরাক্কা স্টেশনের মধ্যবর্তী এলাকায় রেললাইনের পাশে মাটি সরে গিয়ে ধসের সৃষ্টি হয়। এতে ডাউন লাইনের একটি অংশও মাটিতে বসে যায়।
রেললাইনের এমন পরিস্থিতিতে দুর্ঘটনার আশঙ্কা থাকায় তাৎক্ষণিকভাবে ওই পথে ট্রেন চলাচল বন্ধ করে দেওয়া হয়। ফলে উত্তরবঙ্গমুখী একাধিক ট্রেন বিভিন্ন স্টেশনে দাঁড়িয়ে রয়েছে। এতে যাত্রীদের দুর্ভোগও বেড়েছে।
রেলকর্মীরা ঘটনাস্থলে পৌঁছে ক্ষতিগ্রস্ত অংশ পরিদর্শন করে মেরামতের কাজ শুরু করেছেন। দ্রুত রেললাইন মেরামত করে ট্রেন চলাচল স্বাভাবিক করার চেষ্টা চলছে।
অতিবৃষ্টির কারণে রেললাইনের মাটি নরম হয়ে যাওয়ায় এই ধসের সৃষ্টি হয়েছে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। তবে পরিস্থিতি পুরোপুরি স্বাভাবিক না হওয়া পর্যন্ত ট্রেন চলাচলে সতর্কতা অবলম্বন করা হচ্ছে।