চট্টগ্রাম বিমানবন্দরে ৫৬৬ গ্রাম স্বর্ণসহ যাত্রী আটক, রাজস্ব মূল্য ১ কোটি ২০ লাখ টাকা

চট্টগ্রাম: চট্টগ্রাম শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরে গোয়েন্দা সংস্থাগুলোর যৌথ অভিযানে ৫৬৬ গ্রাম স্বর্ণসহ মোহাম্মদ কামরুল ইসলাম নামে এক যাত্রীকে আটক করা হয়েছে। উদ্ধার করা স্বর্ণের মধ্যে রয়েছে চারটি স্বর্ণের দণ্ড ও এক জোড়া স্বর্ণের চুড়ি। আটক স্বর্ণের বিপরীতে সম্ভাব্য রাজস্বের পরিমাণ ১ কোটি ২০ লাখ ৪০ হাজার টাকা।

রোববার (১৮ অক্টোবর) সকাল সাড়ে ৬টায় আবুধাবি থেকে আসা ইউএস-বাংলা এয়ারলাইন্সের ফ্লাইট বিএস-৩৫০-এর এক যাত্রীকে বিমানবন্দরের কাস্টমস হলে স্ক্যানিংয়ের সময় সন্দেহজনক হিসেবে শনাক্ত করা হয়। পরে বিমানবন্দর ডিজিএফআই, এনএসআই, কাস্টমস ইন্টেলিজেন্সসহ সংশ্লিষ্ট গোয়েন্দা সংস্থার তত্ত্বাবধানে তাঁর ব্যাগেজে তল্লাশি চালানো হয়।

এ সময় নন-স্টিক প্যান, স্টেইনলেস স্টিলের সবজি ব্লেন্ডার এবং বাসন রাখার স্ট্যান্ডের ভেতরে বিশেষ কৌশলে লুকানো অবস্থায় ৪৬৬ গ্রাম ওজনের চারটি স্বর্ণের দণ্ড উদ্ধার করা হয়। এ ছাড়া ওই যাত্রীর কাছ থেকে আরও ১০০ গ্রাম ওজনের স্বর্ণের চুড়ি উদ্ধার করা হয়। সব মিলিয়ে উদ্ধার করা স্বর্ণের ওজন ৫৬৬ গ্রাম।

আটক যাত্রী মোহাম্মদ কামরুল ইসলামের বাড়ি চট্টগ্রামের বাঁশখালী উপজেলার দোনগ্রা এলাকায়।

সংশ্লিষ্ট সূত্র জানায়, উদ্ধার করা স্বর্ণের পরিমাণ নির্ধারণের পর তা বিমানবন্দর কাস্টমসের কাছে হস্তান্তর করা হয়েছে। স্বর্ণ পরিবহনের ঘটনায় আটক যাত্রীর বিরুদ্ধে চোরাচালান আইনে মামলা দায়ের করে পতেঙ্গা থানা-পুলিশের কাছে হস্তান্তরের প্রক্রিয়া চলছে।

বিমানবন্দর কর্তৃপক্ষ জানিয়েছে, স্বর্ণ চোরাচালান ও বৈদেশিক মুদ্রা পাচার প্রতিরোধে বিমানবন্দরের গোয়েন্দা সংস্থা, কাস্টমস এবং বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষের (বেবিচক) নজরদারি অব্যাহত থাকবে।