চট্টগ্রাম: চট্টগ্রাম নগরের খুলশী থানায় করা চাঁদাবাজির মামলায় তালিকাভুক্ত সন্ত্রাসী ও কিশোর গ্যাং নেতা হিসেবে পরিচিত ওয়াকিল হোসেন বগাকে কারাগারে পাঠানোর আদেশ দিয়েছেন আদালত। তবে একই থানায় করা অস্ত্র মামলায় তার জামিন মঞ্জুর হয়েছে।
সোমবার (১৮ অক্টোবর) চট্টগ্রাম অতিরিক্ত চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মো. মহিদুল ইসলামের আদালত শুনানি শেষে এ আদেশ দেন।
আসামিপক্ষের আইনজীবী এস এম মনিরুল ইসলাম বলেন, খুলশী থানার চাঁদাবাজি ও অস্ত্র মামলায় ওয়াকিল হোসেন বগা জামিনের আবেদন করেন। শুনানি শেষে আদালত অস্ত্র মামলায় তার জামিন মঞ্জুর করেন। তবে চাঁদাবাজির মামলায় জামিন না দিয়ে তাকে কারাগারে পাঠানোর আদেশ দেন। বগার বিরুদ্ধে আর কোনো গ্রেপ্তারি পরোয়ানা নেই বলেও জানান তিনি।
এর আগে গত ৬ অক্টোবর নগরের টাইগারপাস এলাকায় চট্টগ্রাম সিটি করপোরেশনের (চসিক) নগর ভবনে ওয়াকিলের অবস্থানের খবর পেয়ে তাকে গ্রেপ্তার করতে যায় পুলিশ। তবে সেখানে গিয়ে তাকে পাওয়া যায়নি। এঘটনা নিয়ে দেশ জুড়ে ব্যাপক আলোড়ন সৃস্টি হয় ।
এদিকে, গত ৬ অক্টোবর প্লট দখল, চাঁদাবাজি ও অপহরণের অভিযোগে ওয়াকিল হোসেন বগাসহ ৩৭ জনের নাম উল্লেখ করে খুলশী থানায় আরেকটি মামলা করেন শেখ মুহাম্মদ আরিফ নামে এক ব্যাক্তি । মামলায় অজ্ঞাতনামা আরও ১৫০ থেকে ২০০ জনকে আসামি করা হয়।
এজাহারে পাঁচটি ঘটনার উল্লেখ করে শেখ মুহাম্মদ আরিফ অভিযোগ করেন, গত ১১ ফেব্রুয়ারি ও ২৫ এপ্রিল তাকে অপহরণ করে ওয়াকিলের আস্তানায় নিয়ে চাঁদা দাবি করা হয়।