চট্টগ্রাম: দীর্ঘমেয়াদি হেপাটাইটিস বি ও সি সংক্রমণ, ফ্যাটি লিভার ও লিভার সিরোসিস লিভার ক্যান্সারের অন্যতম ঝুঁকির কারণ। এ রোগের ঝুঁকি কমাতে হেপাটাইটিস বি টিকা গ্রহণ, প্রয়োজন অনুযায়ী পরীক্ষা এবং নিয়মিত চিকিৎসকের পরামর্শ নেওয়ার ওপর গুরুত্ব দিয়েছেন বিশেষজ্ঞরা।
অক্টোবর মাসকে লিভার ক্যান্সার সচেতনতা মাস উপলক্ষে চট্টগ্রাম মেডিক্যাল কলেজের সম্মেলন কক্ষে আয়োজিত সচেতনতামূলক সভা ও রোগী সমাবেশে বক্তারা এসব কথা বলেন। লিভার কেয়ার সোসাইটির উদ্যোগে এবং চট্টগ্রাম মেডিক্যাল কলেজের সহযোগিতায় এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন চট্টগ্রাম মেডিক্যাল কলেজের অধ্যক্ষ অধ্যাপক ডা. মোহাম্মদ জসিম উদ্দীন। সভাপতিত্ব করেন কলেজের হেপাটোলজি বিভাগের অধ্যাপক ও বিভাগীয় প্রধান এবং লিভার কেয়ার সোসাইটির সভাপতি অধ্যাপক ডা. আবদুল্লাহ আল মাহমুদ।
বিশেষ অতিথি ছিলেন রেডিওলজি বিভাগের বিভাগীয় প্রধান অধ্যাপক ডা. সাজ্জাদ মোহাম্মদ ইউসুফ এবং চট্টগ্রাম জেলা সমাজসেবা কার্যালয়ের উপপরিচালক মোহাম্মদ ওমর ফারুক। অনুষ্ঠান সঞ্চালনা করেন চট্টগ্রাম মেডিক্যাল কলেজের সহযোগী অধ্যাপক ও লিভার কেয়ার সোসাইটির সাধারণ সম্পাদক ডা. তারেক শামস।
মূল বক্তব্যে অধ্যাপক ডা. আবদুল্লাহ আল মাহমুদ বলেন, লিভার ক্যান্সারের ঝুঁকি, প্রতিরোধ, প্রাথমিক পর্যায়ে রোগ শনাক্তকরণ এবং চিকিৎসার গুরুত্ব সম্পর্কে সাধারণ মানুষ ও রোগীদের সচেতন করাই এ আয়োজনের মূল লক্ষ্য।
তিনি বলেন, দীর্ঘমেয়াদি হেপাটাইটিস বি ও সি সংক্রমণ এবং ফ্যাটি লিভারজনিত লিভার সিরোসিস লিভার ক্যান্সারের গুরুত্বপূর্ণ ঝুঁকির কারণ। হেপাটাইটিস বি প্রতিরোধে টিকা গ্রহণ, প্রয়োজন অনুযায়ী পরীক্ষা এবং নিয়মিত চিকিৎসকের পরামর্শ অনুসরণের মাধ্যমে এ ক্যান্সারের ঝুঁকি কমানো সম্ভব।
সভায় বক্তারা লিভার রোগীদের চিকিৎসাসেবা গ্রহণে সচেতনতা বৃদ্ধি, রোগের প্রাথমিক পর্যায়ে শনাক্তকরণ এবং সময়মতো চিকিৎসা নিশ্চিত করার ওপর গুরুত্বারোপ করেন। তাঁদের মতে, ঝুঁকিপূর্ণ ব্যক্তিদের প্রয়োজনীয় পরীক্ষা ও চিকিৎসকের পরামর্শ অনুযায়ী নিয়মিত স্বাস্থ্য পর্যবেক্ষণ লিভার ক্যান্সার মোকাবিলায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে।
উল্লেখ্য, লিভার কেয়ার সোসাইটি ২০২১ সাল থেকে লিভার রোগবিষয়ক সচেতনতা সৃষ্টি, হেপাটাইটিস স্ক্রিনিং, অসচ্ছল লিভার রোগীদের বিনামূল্যে ওষুধ বিতরণ এবং গবেষণামূলক কার্যক্রম পরিচালনা করে আসছে।