চট্টগ্রাম বন্দরের নেভিগেশনাল চ্যানেল ও বহিঃনোঙর এলাকায় নিরাপদ নৌ-চলাচল নিশ্চিত করতে বিশেষ অভিযান পরিচালনা করেছে চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষ। মঙ্গলবার (২৫ আগস্ট) দুপুর সাড়ে ১২টা থেকে বিকেল ৫টা পর্যন্ত এ অভিযান চালানো হয়।
চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষের উদ্যোগে পরিচালিত অভিযানে বন্দরের ‘কাণ্ডারী-১২’ ও চারটি স্থানীয় বোট অংশ নেয়। এ সময় বাংলাদেশ কোস্ট গার্ডের একটি জাহাজ ও একটি বোট অভিযানে সক্রিয়ভাবে সহযোগিতা করে।
অভিযানকালে কর্ণফুলী চ্যানেল ও বহিঃনোঙর এলাকায় জাহাজ চলাচলের পথে অবৈধভাবে স্থাপিত ছয়টি বেহুন্দি জাল জব্দ করা হয়। একই সঙ্গে নেভিগেশনাল চ্যানেলে প্রতিবন্ধকতা সৃষ্টিকারী বিভিন্ন কার্যক্রম তদারকি করা হয় এবং নিরাপদ নৌ-চলাচল নিশ্চিত করতে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হয়।
এ সময় নেভিগেশনাল রুটে অবস্থানরত ফিশিং বোটগুলোকে চ্যানেল এলাকা থেকে সরে যাওয়ার নির্দেশ দেওয়া হয়। পাশাপাশি সংশ্লিষ্ট মাঝি-মাল্লাদের নির্ধারিত নৌ-চলাচল রুট ও নেভিগেশনাল নিয়ম মেনে চলার বিষয়ে সতর্ক করা হয়। চ্যানেলে পুনরায় অবৈধভাবে জাল স্থাপন না করার জন্যও তাদের সচেতন করা হয়।
এ ছাড়া VHF Channel ১২ ও ১৬-এর General Broadcast-এর মাধ্যমে সংশ্লিষ্ট মাঝি-মাল্লা ও নৌযানগুলোকে নেভিগেশনাল চ্যানেল নিরাপদ রাখা, নির্ধারিত নৌ-চলাচল রুট অনুসরণ এবং চ্যানেলে জাল বা অন্য কোনো প্রতিবন্ধকতা স্থাপন থেকে বিরত থাকার বিষয়ে নির্দেশনা দেওয়া হয়।
চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষ জানিয়েছে, বন্দরের নেভিগেশনাল সেফটি বজায় রাখা, জাহাজ চলাচলে প্রতিবন্ধকতা দূর করা এবং কর্ণফুলী চ্যানেল ও বহিঃনোঙর এলাকায় অবৈধ কার্যক্রম প্রতিরোধে বন্দর কর্তৃপক্ষ ও বাংলাদেশ কোস্ট গার্ডের সমন্বিত তদারকি, অভিযান ও সচেতনতামূলক কার্যক্রম ভবিষ্যতেও অব্যাহত থাকবে।
সংশ্লিষ্ট সব নৌযান ও মাঝি-মাল্লাকে নির্ধারিত নৌ-চলাচল রুট মেনে চলা এবং নেভিগেশনাল চ্যানেলে জাল বা অন্য কোনো প্রতিবন্ধকতা স্থাপন থেকে বিরত থাকার আহ্বান জানানো হয়েছে।