কর্ণফুলীতে বস্তাবন্দি তরুণীর মরদেহ উদ্ধার, পরিচয় শনাক্তে তদন্তে পুলিশ

চট্টগ্রাম:  চট্টগ্রামের কর্ণফুলী উপজেলার পিডিবি ঘাটসংলগ্ন নদী এলাকা থেকে বস্তাবন্দি অবস্থায় অজ্ঞাতপরিচয় এক তরুণীর মরদেহ উদ্ধার করেছে সদরঘাট নৌ থানা পুলিশ। শনিবার (১ আগস্ট) রাতে মরদেহটি উদ্ধার করা হয়।

স্থানীয় বাসিন্দা ও পুলিশ সূত্রে জানা যায়, শনিবার বিকেলে এলাকাবাসী নদীসংলগ্ন খালে একটি বস্তাবন্দি মরদেহ ভাসতে দেখে সদরঘাট নৌ পুলিশ ও কর্ণফুলী থানা পুলিশকে খবর দেন। খবর পেয়ে নৌ থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মরদেহটি উদ্ধার করেন।

নৌ পুলিশ জানায়, নিহত তরুণীর আনুমানিক বয়স ২৫ থেকে ৩০ বছর। দীর্ঘ সময় পানিতে থাকায় মরদেহের চেহারা বিকৃত হয়ে গেছে। এমনকি আঙুলের ছাপ সংগ্রহ করাও সম্ভব হয়নি । ফলে তাৎক্ষণিকভাবে তার পরিচয় শনাক্ত করা সম্ভব হয়নি।

সদরঘাট নৌ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবদুর রউফ জানান, মরদেহটি বস্তাবন্দি অবস্থায় উদ্ধার করা হয়েছে।   রোববার  দুপুর পর্যন্ত  পরিচয় পাওয়া যায়নি।  তদন্তের জন্য মরদেহটি চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।

তিনি আরও বলেন, নিহতের পরিচয় শনাক্ত এবং মৃত্যুর প্রকৃত কারণ উদ্ঘাটনে তদন্ত চলছে। ময়নাতদন্তের প্রতিবেদন পাওয়ার পর মৃত্যুর কারণ সম্পর্কে নিশ্চিত হওয়া যাবে।