চট্টগ্রাম: নিউমুরিং কনটেইনার টার্মিনাল (এনসিটি) ইজারা দিলে দেশের কী লাভ হবে, তা জনগণের কাছে সরকারের পক্ষ থেকে স্পষ্ট করার আহ্বান জানিয়েছেন চট্টগ্রাম বন্দর রক্ষা কমিটির নেতারা। একই সঙ্গে এনসিটি ইজারা দেওয়া হলে সম্ভাব্য ক্ষতি ও ঝুঁকি নিয়েও সরকারের সঙ্গে জাতীয় পর্যায়ে সংলাপ আয়োজনের দাবি জানিয়েছেন তারা।
আগামী ৫ অক্টোবর চট্টগ্রাম বন্দর ভবনের সামনে দিনব্যাপী অবস্থান কর্মসূচি সফল করার লক্ষ্যে জাতীয় ফেডারেশন ও বেসিক ইউনিয়নগুলোর সঙ্গে মতবিনিময় সভায় বক্তারা এসব কথা বলেন। রোববার (২০ সেপ্টেম্বর) সকাল ১১টায় চট্টগ্রাম প্রেস ক্লাবের সুলতান আহমদ হলে এ সভা অনুষ্ঠিত হয়।
সভায় সভাপতিত্ব করেন চট্টগ্রাম বন্দর রক্ষা কমিটির আহ্বায়ক প্রকৌশলী দেলোয়ার মজুমদার। সঞ্চালনা করেন কমিটির সদস্যসচিব ফজলুল কবির মিন্টু।
বক্তারা বলেন, চট্টগ্রাম বন্দর দেশের আমদানি-রপ্তানি বাণিজ্যের প্রধান কেন্দ্র। জাতীয় অর্থনীতি ও বিপুলসংখ্যক শ্রমিকের স্বার্থ এ বন্দরের সঙ্গে জড়িত। তাই বন্দরের ব্যবস্থাপনা ও ভবিষ্যৎ উন্নয়ন পরিকল্পনায় জাতীয় স্বার্থের পাশাপাশি শ্রমিকদের অধিকার ও স্বার্থকে সর্বোচ্চ গুরুত্ব দেওয়া প্রয়োজন।
তারা বলেন, এনসিটি ইজারা দেওয়ার ক্ষেত্রে সরকারের কী সুবিধা হবে, তা যেমন জনগণের সামনে তুলে ধরা প্রয়োজন, তেমনি ইজারার সম্ভাব্য ক্ষতির বিষয়গুলো নিয়েও সংশ্লিষ্ট পক্ষগুলোর সঙ্গে খোলামেলা আলোচনা করা দরকার। প্রয়োজনে সরকারকে জাতীয় পর্যায়ে সংলাপ আয়োজনের আহ্বান জানান তারা।
বক্তারা আরও বলেন, আগামী ৫ অক্টোবরের অবস্থান কর্মসূচির মাধ্যমে শান্তিপূর্ণভাবে সরকারের দৃষ্টি আকর্ষণ করতে চান তারা। এ কর্মসূচিতে বিভিন্ন জাতীয় ফেডারেশন, বেসিক ইউনিয়ন ও শ্রমিক সংগঠনের নেতাকর্মীদের ব্যাপক অংশগ্রহণ নিশ্চিত করার আহ্বান জানানো হয়।
তারা বলেন, শান্তিপূর্ণ অবস্থান কর্মসূচিকে সরকার দুর্বলতা হিসেবে বিবেচনা করলে তা ভুল হবে। দাবি আদায়ে ভবিষ্যতে আরও কঠোর কর্মসূচি ঘোষণা করা হতে পারে। প্রয়োজনে দেশবাসীকে সঙ্গে নিয়ে অবরোধ ও হরতালের মতো কর্মসূচি দেওয়ার কথাও জানান তারা।
সভায় বক্তব্য দেন টিইউসি চট্টগ্রাম জেলা কমিটির সভাপতি তপন দত্ত, জাতীয়তাবাদী শ্রমিক দল চট্টগ্রাম বিভাগীয় কমিটির সাধারণ সম্পাদক ও বন্দর সিবিএর সাবেক সাধারণ সম্পাদক কাজী শেখ নুরুল্লাহ বাহার, বাংলাদেশ শ্রমিক ফেডারেশনের সভাপতি এসকে খোদা তোতন, জাতীয়তাবাদী শ্রমিক দলের সাংগঠনিক সম্পাদক শ ম জামাল উদ্দিন, টিইউসি চট্টগ্রাম জেলা কমিটির যুগ্ম সম্পাদক ইফতেখার কামাল খান, জাতীয়তাবাদী ডক শ্রমিক দলের সভাপতি মো. হারুন, সাধারণ সম্পাদক তসলিম হোসেন সেলিম, জাতীয়তাবাদী শ্রমিক দল চট্টগ্রাম বিভাগীয় কমিটির সিনিয়র যুগ্ম সম্পাদক আব্দুল বাতেন, সহ-সম্পাদক ইব্রাহীম ফরাজি, বিএফটিইউসির সভাপতি আনোয়ারুল হক হুনি, বাংলাদেশ লেবার ফেডারেশন চট্টগ্রাম মহানগর কমিটির সাধারণ সম্পাদক আবু আহমেদ মিয়াসহ বিভিন্ন শ্রমিক সংগঠনের নেতৃবৃন্দ।
সভা থেকে আগামী ৫ অক্টোবর চট্টগ্রাম বন্দর ভবনের সামনে দিনব্যাপী অবস্থান কর্মসূচিতে সর্বস্তরের শ্রমিক, জাতীয় ফেডারেশন, বেসিক ইউনিয়ন ও শ্রমিক সংগঠনের নেতাকর্মীদের অংশগ্রহণের আহ্বান জানানো হয়।