কলেজে যাওয়ার পথে নিখোঁজ বেপজা কলেজছাত্রী, ৫ লাখ টাকা মুক্তিপণ দাবি

চট্টগ্রাম নগরীর দক্ষিণ হালিশহর থেকে কলেজে যাওয়ার কথা বলে বের হয়ে নিখোঁজ হয়েছেন বেপজা পাবলিক স্কুল অ্যান্ড কলেজের এক ছাত্রী। নাহিদা আক্তার মিথিলা (১৭) নামের ওই শিক্ষার্থী নিখোঁজের পর তার পরিবারের কাছে ফোন ও অনলাইনের মাধ্যমে পাঁচ লাখ টাকা মুক্তিপণ দাবি করা হয়েছে বলে অভিযোগ উঠেছে।

পরিবারের অভিযোগ, থানায় সাধারণ ডায়েরি (জিডি) করার পর অপরিচিত নম্বর থেকে ফোন করে জিডি তুলে নিতে হুমকি দেওয়া হয়। একই সঙ্গে মুক্তিপণের টাকা না দিলে মিথিলার ক্ষতি করার হুমকিও দেওয়া হয়েছে।

নিখোঁজ মিথিলার ভাই হৃদয় জানান, কলেজের ইউনিফর্ম পরে বাসা থেকে বের হওয়ার পর থেকেই তার বোনের কোনো সন্ধান পাওয়া যাচ্ছে না। অনেক খোঁজাখুঁজির পরও সন্ধান না পেয়ে তারা বন্দর থানায় সাধারণ ডায়েরি করেন।

হৃদয় বলেন, জিডি করার পর ব্রিলিয়ান্ট অ্যাপসের একটি ভিওআইপি নম্বর থেকে তার মোবাইলে ফোন করা হয়। ওই ফোনে জিডি তুলে নিতে বলা হয় এবং পাঁচ লাখ টাকা মুক্তিপণ দাবি করা হয়।

এ ঘটনায় পরিবারের মধ্যে উদ্বেগ ও আতঙ্ক দেখা দিয়েছে। নিখোঁজ শিক্ষার্থীকে উদ্ধারে দ্রুত আইনশৃঙ্খলা বাহিনীর হস্তক্ষেপ কামনা করেছে পরিবার।

বন্দর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আবদুর রহিম বলেন, জিডি হওয়ার পরপরই পুলিশ কাজ শুরু করেছে। মুক্তিপণ দাবির বিষয়টিও যাচাই করা হচ্ছে। ঘটনাটি তদন্তাধীন রয়েছে।