চট্টগ্রামের বাঁশখালীতে অভিযান চালিয়ে একটি অবৈধ আর্টিসানাল ট্রলিং বোট, ৭টি ট্রলিং জাল ও ৫ হাজার ১৯০ কেজি সামুদ্রিক মাছ জব্দ করেছে বাংলাদেশ কোস্ট গার্ড। এ সময় ৬ জন জেলেকে আটক করা হয়।
শুক্রবার (২৪ জুলাই ২০২৬) বিকেলে কোস্ট গার্ডের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সাব্বির আলম সুজন এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানান।
তিনি জানান, গোপন সংবাদের ভিত্তিতে শুক্রবার রাত সাড়ে ১২টার দিকে চট্টগ্রামের বাঁশখালী থানার শেখেরখীল ঘাট সংলগ্ন এলাকায় কোস্ট গার্ড কন্টিনজেন্ট বাঁশখালী একটি বিশেষ অভিযান পরিচালনা করে। অভিযানের সময় একটি অবৈধ আর্টিসানাল ট্রলিং বোট জব্দ করা হয়। পরে বোটে তল্লাশি চালিয়ে প্রায় ৭টি ট্রলিং জাল ও ৫ হাজার ১৯০ কেজি সামুদ্রিক মাছ জব্দ করা হয়। একই সঙ্গে ৬ জন জেলেকে আটক করা হয়।
পরবর্তীতে সামুদ্রিক মৎস্য দপ্তর, আগ্রাবাদের সামুদ্রিক উৎপাদন কর্মকর্তার উপস্থিতিতে ট্রলিং বোট থেকে অবৈধ ট্রলিং সরঞ্জাম অপসারণ করা হয় এবং জব্দকৃত ট্রলিং জাল ধ্বংস করা হয়। পাশাপাশি মালিকপক্ষের কাছ থেকে ৩ লাখ টাকা জরিমানা আদায় এবং মুচলেকা গ্রহণের পর বোট ও জেলেদের মালিকপক্ষের কাছে হস্তান্তর করা হয়।
এদিকে জব্দ করা সামুদ্রিক মাছ নিলামে বিক্রি করে ৩ লাখ ৭৫ হাজার টাকা সরকারি কোষাগারে জমা দেওয়া হয়। জরিমানার ৩ লাখ টাকাসহ মোট ৬ লাখ ৭৫ হাজার টাকা রাষ্ট্রীয় কোষাগারে জমা হয়েছে বলে জানিয়েছে কোস্ট গার্ড।
কোস্ট গার্ডের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সাব্বির আলম সুজন বলেন, দেশের সামুদ্রিক মৎস্যসম্পদ রক্ষা এবং অবৈধ আহরণ প্রতিরোধে কোস্ট গার্ডের এ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।