ঢাকা: রাষ্ট্রপতির শারীরিক ও মানসিক অসামর্থ্যের কারণে পদত্যাগের পর সংবিধান অনুযায়ী ভারপ্রাপ্ত রাষ্ট্রপতির দায়িত্ব গ্রহণ করেছেন জাতীয় সংসদের স্পিকার মেজর (অব.) হাফিজ উদ্দিন আহমদ (বীর বিক্রম)।
শুক্রবার এক ব্রিফিংয়ে তিনি রাষ্ট্রপতির পদত্যাগের বিষয়টি নিশ্চিত করে জানান, রাষ্ট্রপতির পদত্যাগপত্র গ্রহণ করা হয়েছে। পদত্যাগপত্রটি জাতীয় সংসদ সচিবালয়ের নথিতে সংরক্ষণ এবং প্রয়োজনীয় প্রশাসনিক কার্যক্রম গ্রহণের জন্য নির্দেশ দেওয়া হয়েছে।
স্পিকার জানান, বিদায়ী রাষ্ট্রপতি দীর্ঘদিন ধরে হৃদরোগ, উচ্চ রক্তচাপ, ডায়াবেটিস ও কিডনি-সংক্রান্ত জটিলতায় ভুগছিলেন। এছাড়া তার হৃদযন্ত্রে বাইপাস সার্জারি হয়েছিল।
তিনি আরও জানান, সাম্প্রতিক স্বাস্থ্য পরীক্ষায় রাষ্ট্রপতির অটোনমিক নিউরোপ্যাথি রোগ ধরা পড়ে। এ রোগের কারণে তিনি মাঝেমধ্যে অচেতন হয়ে পড়তেন। বিভিন্ন শারীরিক জটিলতা ও মানসিক অসামর্থ্যের কারণে রাষ্ট্রপতির মতো গুরুত্বপূর্ণ সাংবিধানিক দায়িত্ব পালন করা তার পক্ষে আর সম্ভব ছিল না। দীর্ঘমেয়াদি চিকিৎসার প্রয়োজন হওয়ায় তিনি স্বাস্থ্যগত কারণেই পদত্যাগ করেছেন।
ভারপ্রাপ্ত রাষ্ট্রপতির দায়িত্ব গ্রহণের সাংবিধানিক প্রক্রিয়া ব্যাখ্যা করে স্পিকার বলেন, সংবিধান অনুযায়ী স্পিকার হিসেবে শপথ নেওয়ার সময়ই তিনি ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি হিসেবেও শপথ নিয়েছিলেন, যাতে প্রয়োজন হলে এ দায়িত্ব পালন করতে পারেন। একইভাবে ডেপুটি স্পিকারও স্পিকারের পদ শূন্য হলে দায়িত্ব পালনের জন্য শপথ গ্রহণ করে থাকেন।
রাষ্ট্রপতির পদত্যাগ নিয়ে চলমান আলোচনা প্রসঙ্গে তিনি বলেন, রাষ্ট্রপতি সম্পূর্ণ স্বাস্থ্যগত কারণেই পদত্যাগ করেছেন। তিনি বিদায়ী রাষ্ট্রপতির দ্রুত সুস্থতা ও মঙ্গল কামনা করেন।
এ সময় তিনি আরও বলেন, বিদায়ী রাষ্ট্রপতি আগের সরকারের আমলে নির্বাচিত হলেও জনগণের ভোটে নির্বাচিত বর্তমান সরকারের প্রতি সবসময়ই সমর্থন ও শ্রদ্ধা প্রদর্শন করেছেন।