নৈতিক স্খলনের অভিযোগে জামায়াত থেকে বহিষ্কার এমপি গাজী নজরুল ইসলাম

নৈতিক স্খলনের অভিযোগ প্রমাণিত হওয়ায় সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য গাজী নজরুল ইসলামকে বাংলাদেশ জামায়াতে ইসলামী থেকে বহিষ্কার করা হয়েছে।

বুধবার (২২ জুলাই) বিকেলে দলটির সহকারী সেক্রেটারি জেনারেল এহসানুল মাহবুব জুবায়ের স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ সিদ্ধান্তের কথা জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, বুধবার বিকেল ৪টায় রাজধানীর মিন্টু রোডে বিরোধীদলীয় নেতার সরকারি বাসভবনে অনুষ্ঠিত জামায়াতের কেন্দ্রীয় নির্বাহী পরিষদের জরুরি বৈঠকে এ সিদ্ধান্ত নেওয়া হয়। দলটির আমির ডা. শফিকুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠিত বৈঠকে কেন্দ্রীয় নির্বাহী পরিষদের সদস্যরা উপস্থিত ছিলেন।

বিজ্ঞপ্তি অনুযায়ী, গাজী নজরুল ইসলামকে নিয়ে সম্প্রতি বিভিন্ন মাধ্যমে প্রকাশিত বিষয়গুলোর সাংগঠনিক তদন্তে তার নৈতিক স্খলন প্রমাণিত হওয়ায় দলীয় গঠনতন্ত্রের ৬২ নম্বর ধারা অনুযায়ী তাকে বহিষ্কার করা হয়েছে। একই সঙ্গে এ সিদ্ধান্ত নির্বাচন কমিশনকে অবিলম্বে অবহিত করারও সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

এর আগে গত সোমবার রাত থেকে গাজী নজরুল ইসলামের ব্যক্তিগত মুহূর্তের একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ে। ভিডিওটি প্রকাশের পর বিষয়টি নিয়ে ব্যাপক আলোচনা-সমালোচনা শুরু হয়।

ঘটনার পর মঙ্গলবার এক বিবৃতিতে জামায়াতে ইসলামী জানিয়েছিল, বিষয়টি নিয়ে তারা নজর রাখছে এবং সংশ্লিষ্ট ব্যক্তিদের বক্তব্য ও বিভিন্ন তথ্য-উপাত্ত সংগ্রহ করে সাংগঠনিক বিধি অনুযায়ী প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

এর একদিন পর সাংগঠনিক তদন্ত শেষে দলটি গাজী নজরুল ইসলামকে বহিষ্কারের সিদ্ধান্ত কার্যকর করে।