চট্টগ্রামের রাঙ্গুনিয়ায় স্কুল ছুটির পর বাবার অসুস্থতার কথা বলে সাত বছর বয়সী এক কন্যাশিশুকে অপহরণের ঘটনা ঘটেছে। তবে অপহরণের ২৪ ঘণ্টার মধ্যেই শিশুটিকে উদ্ধার করেছে পুলিশ। এ ঘটনায় জড়িত তিনজনকে গ্রেপ্তার করা হয়েছে। একই সঙ্গে অপহরণে ব্যবহৃত একটি সিএনজিচালিত অটোরিকশাও জব্দ করা হয়েছে।
বুধবার (২২ জুলাই) রাতভর রাঙ্গুনিয়ার বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে অভিযুক্তদের গ্রেপ্তার এবং শিশুটিকে উদ্ধার করা হয়।
গ্রেপ্তাররা হলেন—মো. রাকিব, মো. ফয়সাল ও মো. জাহাঙ্গীর আলম।
পুলিশ জানায়, স্কুল ছুটির পর শিশুটি বাড়িতে না ফেরায় পরিবারের সদস্যরা খোঁজাখুঁজি শুরু করেন। পরে সহপাঠীদের কাছ থেকে তারা জানতে পারেন, বাবার অসুস্থতার কথা বলে হাসপাতালে নেওয়ার অজুহাতে এক ব্যক্তি সিএনজি অটোরিকশায় করে শিশুটিকে নিয়ে যায়।
এরপর শিশুটির বাবা রাঙ্গুনিয়া থানায় অপহরণ মামলা দায়ের করলে পুলিশ দ্রুত তদন্ত শুরু করে। গোয়েন্দা তথ্যের ভিত্তিতে অভিযান চালিয়ে অপহৃত শিশুটিকে উদ্ধার এবং তিনজনকে গ্রেপ্তার করা হয়।
পুলিশের তথ্যমতে, গ্রেপ্তার ফয়সাল ভুক্তভোগী শিশুটির বাবার আপন মামাতো ভাই। মুক্তিপণ আদায়ের উদ্দেশ্যে পরিচিত দুই সিএনজিচালককে সঙ্গে নিয়ে তিনি অপহরণের পরিকল্পনা করেন এবং শিশুটিকে তুলে নিয়ে যান।
এ ঘটনায় গ্রেপ্তারদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হয়েছে। পাশাপাশি অপহরণে অন্য কেউ জড়িত রয়েছে কি না, তা খতিয়ে দেখা হচ্ছে বলে জানিয়েছে পুলিশ।