মিরসরাইয়ে পুকুরে গোসল করতে নেমে স্কুলছাত্রের মৃত্যু

চট্টগ্রামের মিরসরাই উপজেলায় পুকুরে গোসল করতে নেমে শোয়াইব হোসাইন (১৬) নামে এক স্কুলছাত্রের মর্মান্তিক মৃত্যু হয়েছে।

শনিবার (১৮ জুলাই) দুপুরে মিরসরাই উপজেলার মায়ানী ইউনিয়নের পূর্ব মায়ানী কাজিরহাট এলাকার খন্দকার বাড়িতে এ দুর্ঘটনা ঘটে।

নিহত শোয়াইব হোসাইন ওই এলাকার মোল্লাপাড়া হক সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক তাসলিমা খানম ও মোফাজ্জল হোসেন দম্পতির ছেলে। তিনি মাজেদা হক উচ্চ বিদ্যালয়ের দশম শ্রেণির বিজ্ঞান বিভাগের ছাত্র ছিলেন।

স্থানীয় সূত্রে জানা যায়, দুপুরে দুই বন্ধুর সঙ্গে পুকুরে গোসল করতে নামে শোয়াইব। খেলাচ্ছলে তারা পুকুরের ঘাটের এক পাশ দিয়ে পানির নিচে সাঁতরে অন্য পাশ দিয়ে বের হওয়ার চেষ্টা করছিল। এ সময় দুই বন্ধু নিরাপদে বের হলেও শোয়াইব ঘাটের নিচে আটকে যায়।

গোসল শেষে অন্যরা বাড়ি ফিরে গেলেও শোয়াইব না ফেরায় তারা আবার পুকুরে গিয়ে খোঁজাখুঁজি শুরু করে। পরে ঘাটের নিচে আটকে থাকা অবস্থায় তাকে উদ্ধার করে দ্রুত বড়তাকিয়া রেডিয়েন্স হাসপাতালে নেওয়া হয়। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

বড়তাকিয়া রেডিয়েন্স হাসপাতালের কর্তব্যরত চিকিৎসক ডা. কামরুল হাসান জানান, গোসল করতে নেমে দুর্ঘটনায় আহত অবস্থায় শোয়াইবকে হাসপাতালে আনা হয়েছিল। হাসপাতালে পৌঁছানোর আগেই তার মৃত্যু হয়। পরবর্তী আইনগত প্রক্রিয়ার জন্য মরদেহ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পাঠানো হয়েছে।

জানা গেছে, দুই ভাইয়ের মধ্যে শোয়াইব বড় ছিলেন। তার আকস্মিক মৃত্যুতে পরিবার ও এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।