নিজস্ব প্রতিবেদক |
চট্টগ্রামের বহিঃনোঙর এলাকায় অভিযান চালিয়ে মিয়ানমারে পাচারের উদ্দেশ্যে নেওয়া প্রায় ১৪ লাখ টাকা মূল্যের বিপুল পরিমাণ সিমেন্ট ও রাসায়নিক সার জব্দ করেছে বাংলাদেশ কোস্ট গার্ড। এ সময় পাচারকাজে ব্যবহৃত তিনটি কার্গো বোটসহ ২২ জনকে আটক করা হয়েছে।
সোমবার (১৩ জুলাই) বিকেলে চট্টগ্রামের বহিঃনোঙর এলাকায় বাংলাদেশ কোস্ট গার্ড আউটপোস্ট পতেঙ্গা এ বিশেষ অভিযান পরিচালনা করে। রাতে কোস্ট গার্ডের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সাব্বির আলম সুজন এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানান।
তিনি বলেন, গোপন সংবাদের ভিত্তিতে জানা যায়, একটি সংঘবদ্ধ চক্র বাংলাদেশ কৃষি উন্নয়ন কর্পোরেশনের (বিএডিসি) রাসায়নিক সারের নকল মোড়ক ব্যবহার করে সার ও সিমেন্ট অবৈধভাবে মিয়ানমারে পাচারের প্রস্তুতি নিচ্ছে। এ তথ্যের ভিত্তিতে চট্টগ্রাম বহিঃনোঙর এলাকায় গোয়েন্দা নজরদারি ও টহল জোরদার করা হয়।
অভিযান চলাকালে সন্দেহভাজন তিনটি কার্গো বোটে তল্লাশি চালিয়ে প্রায় ১৪ লাখ টাকা মূল্যের ২ হাজার ৪০০ বস্তা সিমেন্ট এবং বিএডিসির নকল মোড়কে মোড়কজাত ২৫০ বস্তা ডাই-অ্যামোনিয়াম ফসফেট (ডিএপি) সার জব্দ করা হয়। একই সঙ্গে পাচারকাজে ব্যবহৃত তিনটি কার্গো বোট এবং ২২ জন পাচারকারীকে আটক করা হয়।
আটক ব্যক্তিদের মধ্যে রয়েছেন আনোয়ার হোসেন, দিদারুল আলম, তৌহিদুল আলম, নাইম উদ্দিন, মনির উদ্দিনসহ আরও অনেকে।
কোস্ট গার্ড জানিয়েছে, আটক পাচারকারী, জব্দকৃত মালামাল ও পাচারকাজে ব্যবহৃত বোটের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।
লেফটেন্যান্ট কমান্ডার সাব্বির আলম সুজন বলেন, চোরাচালানসহ সব ধরনের অবৈধ কার্যক্রম প্রতিরোধে বাংলাদেশ কোস্ট গার্ডের অভিযান ভবিষ্যতেও ধারাবাহিকভাবে অব্যাহত থাকবে।