শাহ আমানত বিমানবন্দরে ২.১৬ কেজি স্বর্ণসহ যাত্রী আটক, উদ্ধারকৃত স্বর্ণের মূল্য প্রায় সাড়ে ৩ কোটি টাকা

চট্টগ্রামের শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরে দুবাই থেকে আসা এক যাত্রীর কাছ থেকে প্রায় ২.১৬ কেজি স্বর্ণ উদ্ধার করা হয়েছে। উদ্ধারকৃত স্বর্ণের আনুমানিক বাজারমূল্য ৩ কোটি ৫৬ লাখ টাকা।

সোমবার (১৩ জুলাই) সকাল ৯টা ৪০ মিনিটে দুবাই থেকে আগত ফ্লাইদুবাইয়ের ফ্লাইট FZ-463-এ আসা এক যাত্রী কাস্টমস হলের গ্রিন চ্যানেল অতিক্রম করার সময় গোপন সংবাদের ভিত্তিতে বিমানবন্দরের জাতীয় নিরাপত্তা গোয়েন্দা সংস্থা (এনএসআই) ও ডিজিএফআইয়ের প্রতিনিধিদল তাকে তল্লাশি করে।

তল্লাশির একপর্যায়ে যাত্রীর পায়জামার বেল্টের অংশ এবং অন্তর্বাসের ভেতরে বিশেষ কৌশলে লুকিয়ে রাখা স্বর্ণের অলঙ্কার ও গলিত স্বর্ণ উদ্ধার করা হয়।

আটক যাত্রীর নাম মোহাম্মদ শহীদুল আলম চৌধুরী। তার বাড়ি চট্টগ্রামের মিরসরাই উপজেলায়। তিনি দুবাই থেকে বাংলাদেশে আসেন।

বিমানবন্দর কর্তৃপক্ষ জানিয়েছে, উদ্ধারকৃত স্বর্ণের চালান বিমানবন্দর কাস্টমসের কাছে হস্তান্তরের প্রক্রিয়া চলছে। একই সঙ্গে স্বর্ণ পরিবহনের অভিযোগে আটক যাত্রীর বিরুদ্ধে আইনানুগ মামলা দায়েরের কার্যক্রমও প্রক্রিয়াধীন রয়েছে।

শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরের জনসংযোগ কর্মকর্তা প্রকৌশলী মোহাম্মদ ইব্রাহীম খলিল বলেন, বৈদেশিক মুদ্রা পাচার ও স্বর্ণ চোরাচালান প্রতিরোধে বিমানবন্দরের গোয়েন্দা সংস্থাগুলো, কাস্টমস ইন্টেলিজেন্স, বিমানবন্দর কাস্টমস এবং বিমানবন্দর কর্তৃপক্ষের সমন্বিত নজরদারি ও অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।