সাম্প্রতিক সীমান্তে পুশ-ইনের ঘটনা এবং বাংলাদেশের শ্রমবাজারে বিদেশি কর্মীদের বৈধতা, কর্মসংস্থান নীতি ও উচ্চপদে বিদেশি নির্ভরতা নিয়ে গভীর উদ্বেগ প্রকাশ করেছে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)। মঙ্গলবার আয়োজিত এক জরুরি প্রেস ব্রিফিংয়ে এসব বিষয়ে সরকারের দ্রুত পদক্ষেপ দাবি করেন দলের কেন্দ্রীয় যুগ্ম সদস্য সচিব সাগুফতা বুশরা মিশমা।
প্রেস ব্রিফিংয়ে সাগুফতা বুশরা বলেন, যথাযথ যাচাই-বাছাই, কূটনৈতিক যোগাযোগ এবং আন্তর্জাতিকভাবে স্বীকৃত প্রত্যাবাসন প্রক্রিয়া অনুসরণ ছাড়া কাউকে সীমান্ত দিয়ে বাংলাদেশে প্রবেশ করানোর চেষ্টা একটি স্বাধীন ও সার্বভৌম রাষ্ট্রের জন্য গ্রহণযোগ্য নয়।
তিনি বলেন, দেশের সীমান্তের মর্যাদা রক্ষার পাশাপাশি নাগরিকদের কর্মসংস্থান নিশ্চিত করাও রাষ্ট্রের অন্যতম দায়িত্ব। প্রতিবছর বিপুল সংখ্যক শিক্ষিত ও দক্ষ তরুণ শ্রমবাজারে প্রবেশ করলেও বিভিন্ন খাতে বিদেশি কর্মী, বিশেষ করে ভারতীয় নাগরিকদের নিয়োগের স্বচ্ছতা ও বৈধতা নিয়ে দীর্ঘদিন ধরে প্রশ্ন রয়ে গেছে।
সংবাদ সম্মেলনে তিনি বলেন, “আমাদের অবস্থান কোনো দেশের নাগরিকদের বিরুদ্ধে নয়। আমরা বাংলাদেশের আইন, সার্বভৌমত্ব, কর্মসংস্থান এবং জাতীয় স্বার্থ রক্ষার পক্ষে কথা বলছি।”
তিনি আরও বলেন, “অবৈধভাবে কর্মরত বিদেশি নাগরিকদের বিরুদ্ধে প্রচলিত আইন অনুযায়ী ব্যবস্থা নিতে হবে এবং যেখানে দেশীয় দক্ষ জনবল রয়েছে সেখানে ধাপে ধাপে বাংলাদেশি জনবল দ্বারা প্রতিস্থাপনের কার্যকর রোডম্যাপ তৈরি করতে হবে।”
এনসিপির পক্ষ থেকে সীমান্ত ও কর্মসংস্থান ইস্যুতে একাধিক দাবি উত্থাপন করা হয়। সীমান্তসংক্রান্ত দাবির মধ্যে রয়েছে পুশ-ইনের প্রতিটি ঘটনার পূর্ণাঙ্গ তদন্ত ও তথ্য প্রকাশ, আন্তর্জাতিক আইন ও দ্বিপাক্ষিক প্রক্রিয়া অনুসরণ নিশ্চিত করা এবং সীমান্তে বাংলাদেশের নাগরিক ও রাষ্ট্রের মর্যাদা রক্ষায় কার্যকর কূটনৈতিক পদক্ষেপ গ্রহণ।
অন্যদিকে কর্মসংস্থান খাতে দেশে কর্মরত বিদেশি কর্মীদের, বিশেষ করে ভারতীয় নাগরিকদের বৈধতা যাচাইয়ে জরুরি জাতীয় অডিট পরিচালনা, অবৈধভাবে কর্মরতদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ, সংশ্লিষ্ট নিয়োগকারী প্রতিষ্ঠানের জবাবদিহিতা নিশ্চিত করা, বিদেশি কর্মী নিয়োগে স্বচ্ছতা ও তথ্য প্রকাশ বাধ্যতামূলক করা এবং দেশীয় দক্ষ জনবল উন্নয়নের মাধ্যমে ধাপে ধাপে বাংলাদেশি জনবল দ্বারা প্রতিস্থাপনের জাতীয় রোডম্যাপ প্রণয়নের দাবি জানানো হয়।
সংবাদ সম্মেলন থেকে সরকারের প্রতি আহ্বান জানিয়ে বলা হয়, আগামী ২৪ থেকে ৪৮ ঘণ্টার মধ্যে সীমান্তে পুশ-ইন বিষয়ে সরকারি অবস্থান, বিদেশি কর্মীদের বৈধতা যাচাইয়ের রূপরেখা এবং দেশীয় কর্মসংস্থান সুরক্ষার কর্মপরিকল্পনা জনসম্মুখে প্রকাশ করতে হবে।
এ সময় উপস্থিত ছিলেন ন্যাশনাল প্রফেশনাল অ্যালায়েন্সের কেন্দ্রীয় সংগঠক ডা. মোহাম্মদ খান, এনসিপির সিনিয়র নেতা সাজ্জাদ হোসেন, মনসুর আজম, মহানগর যুগ্ম সদস্য সচিব বদিউল আলম, সারোয়ার আলম, সহ-সাংগঠনিক সম্পাদক সুফি মিনহাজ, ছাত্রশক্তির মহানগর নেতা ফজলে রাব্বীসহ অন্যান্য নেতৃবৃন্দ।